ইসলামী ব্যাংক কর্মকর্তাদের শান্তিপূর্ণ আন্দোলন

ঢাকাদেশজুড়ে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পল্লী উন্নয়ন বিভাগ (আরডিএস) এর প্রায় দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারী আজ মতিঝিলের ৪০, দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করেছেন।

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার কর্মকর্তারা যোগ দেন। আন্দোলনে উপস্থিত ছিলেন সম্প্রতি চাকরিচ্যুত সাতজন কর্মকর্তা।

আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন, দীর্ঘদিনের চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে আরডিএস অফিসারদের মূলধারার পদে উন্নীত করা এবং বহিষ্কৃত কর্মকর্তাদের পুনর্বহাল করতে হবে। তাদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ পূর্বে এ বিষয়ে আশ্বাস দিলেও বাস্তবায়ন করা হয়নি।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ জুন আন্দোলনকারী প্রতিনিধিদল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের সঙ্গে সাক্ষাৎ করে দাবি উপস্থাপন করেছিলেন। তখন এমডি জানিয়েছিলেন, ২৬ জুনের বোর্ড মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হবে। কিন্তু মিটিং শেষে দাবি পূরণ না করে বরং ছয়জন কর্মকর্তাকে চাকরিচ্যুত, ১৬ জনকে সাময়িক দায়িত্ব থেকে অব্যাহতি এবং আরও শতাধিক কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়।

আজকের কর্মসূচিতে আন্দোলনকারীরা বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। ঢাকার বাইরের জেলা থেকেও অনেকে এ আন্দোলনে যোগ দেন। তারা বলেন, ব্যাংকের ন্যায়সংগত ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনকারীদের মধ্যে মোস্তফা কামাল ফকির, কামাল হোসেন চৌধুরী, কামাল উদ্দিন, সালাউদ্দিন, আব্দুর রাকিব, বিল্লাল হোসেন ও সাইফুদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য অনুযায়ী, এই কর্মসূচি শুধুমাত্র চাকরির নিরাপত্তা ও পদোন্নতির ন্যায্যতা আদায়ের জন্য।

এদিকে ব্যাংকের প্রধান কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত এবং আন্দোলনকারীরা সুশৃঙ্খলভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের চলাচল এতে বিঘ্নিত হচ্ছে না।

আন্দোলনকারীরা জানান, ন্যায্য দাবি মেনে না নেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তারা আশা করছেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ দ্রুত সমাধানের উদ্যোগ নেবে এবং সমস্যার সঠিক সমাধান হবে।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।