ঢাবি মেট্রোরেল স্টেশন ১৪ জুলাই বিকেল থেকে বন্ধ থাকবে
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উপলক্ষে ১৪ জুলাই, সোমবার বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার ১৩ জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত অনুষ্ঠান কেন্দ্রিক গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিবরণীর আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেশনটি বন্ধ থাকলেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে; তবে কোনো ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং যাতায়াতের জন্য বিকল্প স্টেশন ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বড় ধরনের জনসমাগম ও নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
