দৈনিক টার্গেট

দেশের চেতনায়

এনবিআরের কঠোর নির্দেশ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ সব কর্মকর্তা ও কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে শুক্রবার (২৭ জুন) রাতে এক সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা বা দেরিতে অফিসে আসা শৃঙ্খলাভঙ্গের শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে রাজস্ব খাতের মাঠ পর্যায়ের দপ্তরগুলোর সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এর ফলে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

আগামী অর্থবছরের প্রস্তুতির অংশ হিসেবে এনবিআর জানিয়েছে, অর্থবছরের শেষ তিনটি কর্মদিবসে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও রাজস্ব আদায় সচল রাখতে সকল কাস্টমস হাউস, কর কমিশনারেট ও ভ্যাট দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।

প্রতিটি দপ্তরের কমিশনারদের নিজ নিজ কর্মস্থলের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনারদের তত্ত্বাবধানে প্রত্যেক কর্মীর সময়মতো অফিসে আসা এবং দাপ্তরিক কাজ পরিচালনার বিষয়টি পর্যবেক্ষণ করতে হবে।

সরকারের এই নির্দেশনার মাধ্যমে এনবিআরের কাজের গতি বাড়ানোর পাশাপাশি সেবা প্রদানে শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।