প্রথম যে অনুভূতিগুলো লোপ পায়, তা হলো ক্ষুধা ও তৃষ্ণা। শরীর যখন শক্তি সঞ্চয় করতে শুরু করে, তখন ক্ষুধা স্বাভাবিকভাবে কমে যায়। শয্যাশায়ী রোগীরা প্রায়ই খাবার বা পানীয় গ্রহণে অস্বীকৃতি জানান, যা মৃত্যু প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। এটি কোনো অস্বস্তি বা অবহেলার লক্ষণ নয়, বরং এটি অন্তিম পর্যায়ের জন্য শরীরের প্রস্তুতির একটি উপায়।
ক্ষুধা ও তৃষ্ণার পরপরই সাধারণত স্বাদ ও গন্ধ নেওয়ার ক্ষমতা কমে যায়। খাবারের স্বাদ পানসে মনে হতে পারে এবং পরিচিত গন্ধ আর অনুভূত না-ও হতে পারে। মৃত্যু ঘনিয়ে আসতে থাকলে দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসে। চোখ নিষ্প্রভ, লক্ষ্যহীন বা আংশিকভাবে খোলা মনে হতে পারে। তবে শরীরের এ পর্যায়েও সূক্ষ্ম সচেতনতা প্রায়শই থেকে যায়। দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও রোগীরা পরিচিত কণ্ঠস্বর চিনতে এবং মৃদু স্পর্শে সাড়া দিতে পারেন। এই অন্তিম মুহূর্তগুলোতে যাঁরা রোগীর পাশে থাকেন, তাঁদের শান্ত ও স্নিগ্ধ উপস্থিতি কিছুটা মানসিক প্রশান্তি দিতে পারে।
প্রতিক্রিয়া ধীর হয়ে যাওয়ায় স্পর্শের অনুভূতি কমে যায়। তাপমাত্রা উপলব্ধি কমে যেতে পারে এবং শারীরিক সংবেদনগুলো স্তিমিত হয়ে পড়ে। এই পরিবর্তনগুলো সত্ত্বেও আবেগঘন স্পর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন গবেষকেরা। রোগীর হাত ধরে রাখা, বাহুতে আলতো করে হাত বুলিয়ে দেওয়া বা মৃদু স্পর্শ তাঁকে নিরাপদ বোধ করাতে পারে। এই স্পর্শের উপস্থিতি ভালোবাসা ও স্বস্তি পৌঁছে দিতে পারে, এমনকি যখন রোগী লাইফ সাপোর্টে চোখ বন্ধ অবস্থায় থাকেন, তখনো এই বোধ কাজ করতে পারে।
শ্রবণশক্তিই সেই ইন্দ্রিয়, যা সব শেষে লোপ পায়। অন্যান্য ইন্দ্রিয় দুর্বল হয়ে গেলেও মৃত্যুপথযাত্রী ব্যক্তি পরিচিত কণ্ঠস্বর, শব্দ বা সংগীত শুনতে পান। তাই তাঁর সামনে কী বলা হচ্ছে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। শান্তভাবে কথা বলা বা পরিচিত সংগীত বাজানো একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত মানসিক সান্ত্বনা দিতে এবং পরিবেশের সঙ্গে ব্যক্তির সংযোগ বজায় রাখতে পারে। তাই অনেক পরিবার বই পড়া, প্রার্থনা পাঠ করা বা শুধু ভালোবাসার কথা বলাকে অর্থবহ মনে করে। কারণ, রোগী সাড়া না দিলেও এই কথাগুলো তিনি শুনতে পান।
কোন ক্রমে ইন্দ্রিয়গুলো লোপ পেতে শুরু করে, তা জানা থাকলে পরিবার ও পরিচর্যাকারীরা সচেতন ও সহানুভূতিপূর্ণ সেবা দিতে পারেন। এই সচেতনতা ভয় ও উদ্বেগ কমায় এবং অর্থপূর্ণ স্বস্তির ওপর মনোযোগ দিতে সাহায্য করে। যে ইন্দ্রিয়গুলো অবশিষ্ট থাকে; বিশেষ করে শ্রবণ ও স্পর্শ, সেগুলোর ওপর গুরুত্ব আরোপ করার মাধ্যমে প্রিয়জনেরা জীবনের শেষ পর্যায়েও মানসিক সংযোগ বজায় রাখতে এবং আশ্বাস দিতে পারেন। এই তথ্যগুলো জানা থাকলে মৃত্য়ুপথযাত্রীর পরিবারের সদস্যরা তাঁকে মানসিক সহায়তা করতে পারবেন। তবে চিকিৎসার বিষয়টি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনেই চালিয়ে যাওয়া জরুরি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হসপিস ইউকে, হেলথ ডিরেক্ট ও অন্যান্য

দৈনিক টার্গেট 
























