দোহায় গতকাল প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের ইনিংসের ৩৭তম ওভারে ঘটে রিংকুর আলোচিত আউট। সেই ওভারের প্রথম বলে ফার্নান্দো এলবিডব্লুর আবেদন করতেই মোরশেদ আঙুল তুলে দেন। যেহেতু ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) নেই এই টুর্নামেন্টে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। রিংকু যখন বেড়িয়ে যাচ্ছিলেন, তাঁকে বেশ ক্ষুদ্ধ দেখা গেছে। ড্রেসিংরুমে যাওয়ার সময় রিংকুকে আম্পায়ারের উদ্দেশ্যে কিছু একটা বলতেও দেখা গেছে। ভারতীয় বাঁহাতি ব্যাটার হয়তো বোঝাতে চেয়েছেন, বল তাঁর প্যাডে লাগার আগে ব্যাটের কানায় লেগেছে।
ডিআরএস না থাকায় গতকাল ভারতীয় ক্রিকেটাররা ক্ষুব্ধ হয়েছেন আম্পায়ারের আরও এক সিদ্ধান্তে। ২৫তম ওভারের প্রথম বলে লাসিথ ক্রুসপুল্লের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন শাহবাদ আহমেদ। তাঁর সতীর্থরাও সজোরে চিৎকার করেন। কিন্তু আফগানিস্তানের আম্পায়ার মাহমুদ খারোটি আউট দেননি। তিনি ইশারায় বুঝিয়ে দিয়েছেন, বল লেগস্টাম্প মিস করে বেরিয়ে যেতে পারে। বৈভব সূর্যবংশী হয়তো তখন আম্পায়ারকে বোঝাতে চেয়েছেন, এটা কীভাবে আউট হলো না? এমনকি তিলক ভার্মা, রিংকুরাও হতভম্ব হয়ে যান।
টস জিতে গতকাল আগে ব্যাটিং নিয়ে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করেছে। অধিনায়ক তিলক করেন ৫৩ রান। সর্বোচ্চ ৭৮ রান করেন অভিষেক শর্মা। ৬৩ বলের ইনিংসে ১১ চার ও ১ ছক্কা মেরেছেন। এবার সূর্যবংশী ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। জবাবে শ্রীলঙ্কা ৫১ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে। দুই ওপেনার ক্রুসপুল, সিনেথ জয়াবর্ধনের জোড়া সেঞ্চুরিতে ৪১.৩ ওভারেই ২ উইকেটে ৩১৮ রান করে ফেলে লঙ্কানরা।
৭০ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১০৫ রান করে ম্যাচসেরা হয়েছেন জয়াবর্ধনে। আরেক ওপেনার ক্রুসপুল ১০৭ বলে ১২ চার ও ৩ ছক্কায় করেন ১১৬ রান। আজ বাংলাদেশ ‘এ’-পাকিস্তান ‘এ’ ম্যাচের সেমিফাইনালের জয়ী দল ফাইনালে খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে। দোহায় পরশু হবে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল।

দৈনিক টার্গেট 



























