কলকারখানা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে কারখানার সংখ্যা ৫ হাজার ২০০। এর মধ্যে নিবন্ধিত পোশাক কারখানা ২ হাজার ৭১টি। তবে নিয়মিত উৎপাদনে রয়েছে ১ হাজার ৫০০টি পোশাক কারখানা। এর মধ্যে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ৯০০টি।
সচল কারখানাগুলোতে আজ শুক্রবার সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। কয়েকজন শ্রমিক বলেন, তাঁরা অবরোধ ও ভাঙচুরের পক্ষে নন। শান্তিপূর্ণভাবে কাজ করতে চান।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, আজ শুক্রবার জেলার মোট কারখানার ১০ শতাংশ চালু রয়েছে। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিদিনের মতো সতর্ক অবস্থানে রয়েছেন।

দৈনিক টার্গেট 





















