কোনো জাতি তার অতীত ইতিহাসের ওপর নির্ভর করে দাঁড়ায়, সেটাই তার ভিত্তি। কিন্তু কখনো কখনো সেই ভিত্তিটাই অস্বীকার করার চেষ্টা হয়ে থাকে। সেই চেষ্টা কিছু সময়ের জন্য মানুষের মনকে বিভ্রান্ত করতে পারলেও একসময় ঠিকই তা হারিয়ে যায় বিস্মৃতির অতল গহ্বরে। শুধু তাই নয়, সম্মিলিত জনসংঘ তাদের সত্যিকার ইতিহাস লিপিবদ্ধ করে রাখে প্রবহমান রক্তের বীজে। তাই ইতিহাস ভুলিয়ে দেওয়ার পাঁয়তারা অন্তত আমাদের দেশে সফল হবে না, এ কথা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।
বাংলাদেশ বারবার গণতন্ত্রের কাছে ফিরে আসার স্বপ্ন দেখে। কখনো সে স্বপ্ন পূরণ হয় বটে, কিন্তু তা বেশি দিন টেকে না। গণতন্ত্রের মূল সৌন্দর্যই হলো বহুত্ববাদ। মূলত বিভিন্ন মতবাদের সহাবস্থান থাকবে, যুক্তি-আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের দর্শন বর্ণনা করবে। জনগণ তাদের মধ্য থেকেই দেশের চালকদের নির্বাচিত করবে—এই তো হওয়ার কথা। কিন্তু কেন সেটা টেকসই হয় না, সেটাই এখন দেশের মানুষ বোঝে। ক্ষমতায় এসেই রাজনৈতিক দলগুলো প্রথমেই ভেবে বসে—কিছুদিন পরই তো ক্ষমতা চলে যাবে, তাই যতটা পারি, কামিয়ে নিই। এরপর আরও কিছুদিন কেটে গেলে তারা ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি আঁটে। নিজেদের কাজ দিয়ে জনগণকে তুষ্ট না করে খবরদারি আর নির্যাতনের মাধ্যমে ভয়ের সংস্কৃতির জন্ম দেয়। কিন্তু ক্ষমতা যে চিরস্থায়ী বিষয় নয়, সেটা সরকারে থাকলে বোঝা যায় না। অসীম ক্ষমতা হাতে নিয়ে বিরোধীপক্ষকে দমন-পীড়ন করতে থাকলে একসময় সংগঠনের মেরুদণ্ড ভেঙে পড়ে। তখন পুলিশি-আইনের ওপর নির্ভর করে চলতে হয় সরকারকে। এরপর কী ঘটে, তা আগেও দেখা গেছে, ভবিষ্যতেও দেখা যাবে। এই নিয়মটি এতটাই পরিচিত যে রাজনৈতিক দলগুলো এ থেকে শিক্ষা নিলে অন্তত দেশের মানুষের সেবা করার মতো মানসিকতার অধিকারী হতে পারত। কিন্তু সরকারি লোকেরা নিজেদের জনগণের সেবক না ভেবে প্রভু ভাবা শুরু করে দেয় বলে দেশের রাজনৈতিক সংকট কাটে না।
২. এবার বলি, আমাদের বুদ্ধিজীবী শ্রেণিটির কথা। এই কিছুদিন আগে পর্যন্ত যে বুদ্ধিজীবীদের কথায় যথেষ্ট যুক্তি থাকত, শ্রোতা-দর্শক অবাক হতো তাঁদের শাণিত বিশ্লেষণ দেখে, তাঁদের কেউ কেউ এমন সব আজগুবি কথা বলা শুরু করে দিলেন যে তাঁদের মেধা, মনন নিয়েই সন্দেহ ও সংশয়ের সৃষ্টি হলো মানুষের মনে। বুদ্ধিবৃত্তিকে মতলববাজির কাজে লাগানো নতুন কিছু নয়, কিন্তু কেউ কেউ বটবৃক্ষের মতো অটল থাকেন সত্যপ্রকাশে, সেই মানুষেরা কোথায় এখন? দলবাজ বুদ্ধিজীবীরা শুধু বয়ান নির্মাণ করেন, সেটা সত্যের ওপর প্রতিষ্ঠিত কি না, সে দায় তাঁদের নেই।
তথ্য যাচাই-বাছাই না করেই তা মহাসত্য হিসেবে জাহির করা এখন ডালভাত। এই অবস্থা ইতিবাচকভাবে পরিবর্তিত হবে—এ রকম আশা করা কি সম্ভব?
বর্তমানের আলোকে শুধুই অন্ধকার দেখা যাচ্ছে।
মুক্তিযুদ্ধকে হেয়প্রতিপন্ন করার প্রবণতাকে উপেক্ষা করা যাবে না। ইউনূসীয় শাসনামল মুক্তিযুদ্ধের অবমাননার বীজ বপন করে গেছে। অধ্যাপক ইউনূসের ‘রিসেট বাটন’ দিয়ে যা শুরু হয়েছিল, তার ধারাবাহিকতায় কী কী অপরাধ সাধিত হয়েছে, একদিন তা নিয়েও গবেষণা হবে। এত ঘটনার ঘনঘটা ছিল এই সময়ে যে তার সবকিছু নথিবদ্ধ করে রাখা হয়তো সম্ভব হয়নি, কিন্তু কোনো ঘটনা ঘটলেই মোবাইল সাংবাদিকতার কারণে তার অনেক কিছুই মানুষের স্মৃতিতে রয়ে গেছে। আওয়ামী লীগবিরোধিতার নামে কারা কোথায় মুক্তিযুদ্ধের শরীরে আঘাত করেছে, সে জবাবও পরবর্তী প্রজন্ম জানতে চাইবে।
মনে পড়ে যাবে, শিক্ষকদের হেনস্তা করার কথা। যে শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তাঁদের অপমান করেছিল, নেপথ্যে থেকে কারা তাদের উসকানি দিয়েছিল, সে কথাও একদিন প্রকাশিত হবে। অন্ধকারের জীবেরা উঠে এসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙেছিল, জঙ্গিদের কয়েদখানা থেকে মুক্তি দেওয়া হয়েছিল, অস্ত্র লোপাট করা হয়েছিল, এই কথাগুলোও মনে পড়ে যাবে অনেকের।
জাহীদ রেজা নূর, উপসম্পাদক, আজকের পত্রিকা

দৈনিক টার্গেট 






















