আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন’ (এজেএ) নামে একটি ইহুদি সংগঠন এবং ‘অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন’ (এএইচএ) নামে একটি হিন্দু সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালায়।
গোষ্ঠীটির সদস্যরা শফিকুর রহমানের সফরসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতিটি প্রদান করে। তবে অস্ট্রেলীয় সরকার তাদের সেই বিবৃতিকে ‘গুরুত্ব দেয়নি’ বলে দাবি করেন পরওয়ার।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিরোধীদলীয় নেতার বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রবাসী ভাই-বোনেরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শফিকুর রহমানকে বরণ করে নেন।’
গোলাম পরওয়ার আরও বলেন, প্রবাসীরা নিজেদের মনের কথা ও প্রত্যাশার কথা বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। জামায়াত আমিরও তাঁদের সব কথা শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁদের সহযোগিতা কামনা করেন।

দৈনিক টার্গেট 






















