ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, আদানি এনার্জি সলিউশনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে—২৫ বছরের জন্য ১ হাজার ৭৫০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেয়েছে তারা। চুক্তিতে অতিরিক্ত ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য ‘গ্রিনশু অপশন’ রাখা হয়েছে। এই বিকল্প কার্যকর করা হলে চুক্তির আওতায় মোট বিদ্যুৎ সরবরাহের পরিমাণ বেড়ে দাঁড়াবে ২ হাজার ৫০০ মেগাওয়াটে।
প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে এই কার্যাদেশ দেওয়া হয়েছে। ই-রিভার্স অকশনের পর আদানি এনার্জি সলিউশনসের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান পাওয়ারপালস ট্রেডিং সলিউশনস লিমিটেড সফল দরদাতা হিসেবে নির্বাচিত হয়। চুক্তি অনুযায়ী, ১ হাজার ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ২০২৮ সালের ১ জুলাই থেকে। আর অতিরিক্ত ৭৫০ মেগাওয়াটের গ্রিনশু অপশন কার্যকর করা হলে ওই অংশের সরবরাহ শুরু হবে ২০২৯ সালের ১ এপ্রিল থেকে।
পোস্টে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগেরও উল্লেখ করা হয়। এর আগে তিনি বলেছিলেন, ‘কিছু মানুষ নিয়মের বাইরে গিয়ে বিশেষ সুবিধা পাচ্ছেন বলে মনে হচ্ছে। অথচ সাধারণ মানুষ মৌলিক পরিষেবা পাওয়ার জন্য এখনো এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরে বেড়াতে বাধ্য হচ্ছেন।’ দলটি আরও বলেছে, ‘পক্ষপাতিত্ব ও জবাবদিহির প্রশ্নগুলোর উত্তর দেওয়া প্রয়োজন। এই সরকার আসলে কার কাছে দায়বদ্ধ এবং কেন এই পক্ষপাতিত্ব? জনগণ এর উত্তর চায়।’
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি কলকাতায় ২ হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতালের উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে তিনি ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ১ লাখ কোটি রুপির বেশি বিনিয়োগের একটি রোডম্যাপ ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে বিনিয়োগ আকৃষ্ট করতে বড় শিল্পপতিদের নিয়ে আসার চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতায় আদানি গ্রুপের এই বিদ্যুৎ সরবরাহ চুক্তি পশ্চিমবঙ্গের বিদ্যুৎ খাতে বড় করপোরেট বিনিয়োগের নতুন অধ্যায় হিসেবে সামনে এসেছে।

দৈনিক টার্গেট 



























