গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান বাদশা (২৫), মো. নাবিদ ওরফে শাহরিয়াজ আলম (২৪) ও রাপিদ ওরফে মুতাবিদ আলম (২৮)। তাঁদের সবার বাড়ি বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া এলাকায় এবং তাঁরা এলাকায় যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
এদের মধ্যে মেহেদী হাসান হলেন এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের ভাগনে।
এই ঘটনায় গতকাল শনিবার রাতে এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার তিনজনই মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাঁদের বায়েজিদ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে বায়েজিদ বোস্তামীর কুঞ্জছায়া আবাসিক এলাকায় জীবনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুলি করে তাঁকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়।
নিহত জীবন পরিবারসহ বায়েজিদ বোস্তামী এলাকায় থাকতেন এবং স্থানীয় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করতেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ২৮ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন। মামলায় ১৫ জনকে নামীয় ও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে এই মামলায় প্রধান অভিযুক্ত জিল্লুর রহমান জুয়েল ও তাঁর কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করে এসআরবি।

দৈনিক টার্গেট 




















