গতকাল বুধবার (১৮ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা বলেন, পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারের জরুরি পদক্ষেপ জোরদার করতে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে প্রয়োজনীয় সম্পদ দ্রুত কাজে লাগানো এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের সহায়তায় সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
রাবুকা বলেন, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ায় দৈনন্দিন জীবনে পানির প্রাপ্যতা নিয়ে ফিজির পরিবারগুলো উদ্বিগ্ন। কৃষকেরা ফসল ও গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বিশেষ করে, প্রত্যন্ত ও দ্বীপাঞ্চলের জনগোষ্ঠীর পানির সরবরাহের ওপর চাপ বাড়ছে। এসব উদ্বেগ বাস্তব এবং পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।
সরকারি বরাদ্দের অর্থ দিয়ে পরিবার ও কৃষকদের জন্য জরুরি পানির সরবরাহ নিশ্চিত করা হবে। প্রাথমিকভাবে এক মাসের জন্য জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কাউন্সিলের পরামর্শ অনুযায়ী এ সময়সীমা বাড়ানো বা প্রত্যাহার করতে পারবে সরকার।
এল নিনো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়া দেখা দেয়। কোথাও খরা, কোথাও অতিবৃষ্টি ও বন্যা দেখা দিতে পারে।
যুক্তরাষ্ট্রের জলবায়ু পূর্বাভাস কেন্দ্র গত সপ্তাহে জানিয়েছে, এল নিনো আরও শক্তিশালী হচ্ছে। আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে শক্তিশালী থেকে অতি শক্তিশালী এল নিনো দেখা দেওয়ার আশঙ্কা ৭৯ শতাংশের বেশি।
ফিজির আবহাওয়া অধিদপ্তর গত অক্টোবরে জানায়, নভেম্বর থেকে আগামী এপ্রিল পর্যন্ত দেশটিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি জানুয়ারি পর্যন্ত দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে। ফলে দেশটিতে পানিসংকট আরও বাড়তে পারে।

দৈনিক টার্গেট 























