আজ বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
সায়েদ আলম জানান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে একটি মামলা এবং রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের তিন পরিচালক ও ছয় জনতা ব্যাংকের কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য নদভীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অপর মামলায় ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে জনতা ব্যাংক পিএলসি, লালদিঘী ইস্ট করপোরেট শাখা থেকে পরস্পর যোগসাজশে ঋণ মঞ্জুরির শর্ত লঙ্ঘন করে বিধিবহির্ভূতভাবে এলসি ও এলটিআর খোলার মাধ্যমে ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এই মামলায় আসামি করা হয়েছে রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমান, পরিচালক মো. ইউনুচ ভূঁইয়া ও পরিচালক শামসুন নাহার, জনতা ব্যাংকের কর্মকর্তা কাজী আবুল কাশেম, মোহাম্মদ মুহিব উল্লাহ, হরিসাধন দেব, মো. নুরুল মোস্তফা, মো. আবুল মনছুর ও মোহাম্মদ মোবারুকুল ইসলামকে। বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে বলে জানান মামলার বাদী সায়েদ আলম।

দৈনিক টার্গেট 



















