‘পরীক্ষাদাও এআই’ নামের অ্যান্ড্রয়েড অ্যাপটি ইতিমধ্যে গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে। জালাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের আইয়ুবের নতুন বাড়ীর বাসিন্দা বদিউল আলমের ছেলে।
অ্যাপটির মাধ্যমে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন পরীক্ষার্থীরা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্যও রয়েছে অনুশীলনের সুযোগ।
ব্যবহারকারীরা বিভিন্ন মডেল টেস্টে অংশ নেওয়ার পাশাপাশি পরীক্ষার ফলাফল, পড়াশোনার সময় ও অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। নিজের পছন্দ অনুযায়ী প্রশ্ন, সময় ও কঠিনতার মাত্রা নির্ধারণ করে অনুশীলনী পরীক্ষাও তৈরি করা যাবে।
অ্যাপটির অন্যতম আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ২৪ ঘণ্টার সহায়তা। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে প্রশ্নের ব্যাখ্যা ও পড়াশোনা-সংক্রান্ত পরামর্শ পাবেন। এ ছাড়া শিক্ষার্থীদের দুর্বল বিষয় ও কঠিন প্রশ্ন চিহ্নিত করে প্রস্তুতির মানোন্নয়নে সহায়তা করবে এআই সুবিধাটি।
এ ছাড়া ধারাবাহিক প্রশ্নোত্তর প্রতিযোগিতার মাধ্যমে নিজের দক্ষতা যাচাই এবং সহপাঠীদের সঙ্গে ছবি, ফাইল ও কণ্ঠ বার্তা আদান-প্রদানের সুযোগ রয়েছে অ্যাপটিতে।
নির্মাতা মো. জালাল উদ্দিন বলেন, ‘বর্তমানে অ্যাপটির বেশ কিছু সুবিধা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে আরও নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ অফার হিসেবে অ্যাপটি ১৫ মাস বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফটিকছড়ির একজন তরুণ শিক্ষার্থীর এমন উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। তরুণদের এ ধরনের সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর কাজে আরও এগিয়ে আসা উচিত।

দৈনিক টার্গেট 





















