আজ সোমবার রাজধানীর কোনাপাড়া ব্রিজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় খাল উদ্ধারের অংশ হিসেবে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
ডিএসসিসির অঞ্চল-৯-এর ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই খালটি কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত। ১ দশমিক ৭২০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ১২ ফুট প্রশস্ত খালটি পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে ডিএসসিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক আবদুস সালাম খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিটি করপোরেশন সঠিকভাবে খাল খনন ও পরিষ্কারের কাজ করছে কি না, তা স্থানীয় বাসিন্দাদের তদারকি করতে হবে। কাজে কোনো গাফিলতি বা অনিয়ম দেখা গেলে তা করপোরেশনকে জানাতে হবে।
অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে। এ কাজে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
খাল পরিষ্কার ও উদ্ধারের পর পুনরায় দখল এবং দূষণ রোধের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, খাল উদ্ধারের পর কেউ যেন আবার অবৈধভাবে তা দখল করতে না পারে এবং খালের মধ্যে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সবাইকে সংঘবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে।
প্রশাসক বলেন, ‘সরকারি সম্পদ মানেই জনগণের নিজস্ব সম্পদ। এর সুফল যেমন নাগরিকরাই ভোগ করেন, তেমনি এর কুফলও নাগরিকদেরই প্রথমে স্পর্শ করে। তাই এই সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’
এ সময় সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা, মশক নিধন ও খাল খনন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান তিনি। প্রশাসক বলেন, সরকার ও জনগণ পাশাপাশি থেকে কাজ করলে অতি দ্রুত ঢাকা মহানগরীর সার্বিক চিত্রের ইতিবাচক পরিবর্তন সম্ভব।
ডিএসসিসি জানিয়েছে, করপোরেশনের অধিক্ষেত্রভুক্ত শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি খাল নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নাগরিকেরা উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 




















