আজ সকাল থেকে জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। তবে সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে।
ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন সাধারণ মানুষ। শহরের সড়কগুলোতে চলাচল করছে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও বের হয়েছে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সব মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জের জনজীবন।
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সড়কে টহল দিচ্ছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
এ বিষয়ে পুলিশের থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেখা গেছে। বিভিন্ন স্থানে তাদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায়। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

দৈনিক টার্গেট 






















