সোলানোর আগে সংবাদ সম্মেলনে এসে নিজের শিষ্যকে আগলে রেখেছিলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। ফাইনালের টিকিট হাতছাড়া হওয়ার বেদনার মধ্যেও প্রতিপক্ষ কোচ সোলানোও দাঁড়ালেন শ্রাবণের পাশে। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া সেই মুহূর্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটা সুযোগ পেয়েছি এবং আপনি যেমন বললেন, ভুল যে কেউ করতে পারে। তবে আজ এমন অবস্থানে থাকতে পেরে, এমন ম্যাচ খেলে জিতে ফাইনালে উঠতে পেরে আমরা ভীষণ গর্বিত।’
শুধু গোলরক্ষকের ভুলের অপেক্ষায় থেকেই নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই বাংলাদেশের বিপক্ষে নেমেছিল পাকিস্তান। বিশেষ করে বাংলাদেশের মাঝমাঠের প্রাণভোমরা হামজা চৌধুরীকে নিষ্ক্রিয় করে রাখাই ছিল সোলানোর মূল ছক। সে পরিকল্পনায় সফল হওয়ার কথা জানিয়ে পাকিস্তান কোচ বলেন, ‘আমরা জানতাম ওদের হামজা আছে, সে দারুণ একজন খেলোয়াড়, দলে তার অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। সে বল পায়নি, কারণ আমরা সেই জায়গাটা আটকে দিয়েছিলাম, আর এটাই ছিল দলের পরিকল্পনার অংশ। তাকে যেন বল পায়ে স্বাধীনভাবে খেলতে দেওয়া না হয়, কারণ সে ভীষণ অভিজ্ঞ খেলোয়াড়।’
হতাশাজনক এই হারে বাংলাদেশের শিরোপা-খরা আরও দীর্ঘায়িত হলেও স্বাগতিক দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সোলানো। ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শক ও আবহে মুগ্ধ এই কোচ বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি জানি বাংলাদেশের ফুটবল অনেক উন্নতি করেছে, তবে এটাই ফুটবল। আপনারা আপনাদের দেশকে সমর্থন দিয়ে যান। এটি কেবল একটি টুর্নামেন্ট, তবে আমি বিশ্বাস করি আপনাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।’

দৈনিক টার্গেট 

























