আজ শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী-খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, ‘নব্বইয়ের দশকে আমি যখন ডাকসুর ভিপি ছিলাম, তখন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষ থেকে আমাকে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হইনি। খালেদা জিয়াকে ছেড়ে যাইনি, বিএনপিও ত্যাগ করিনি।’
বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক জীবনে নানা ধরনের প্রলোভন ও চাপ আসবে। তবে নিজের আদর্শ ও রাজনৈতিক অবস্থানে অবিচল থাকতে হবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কাতা ও কুমিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া নতুন কুঁড়ি ঢাকা জেলা চ্যাম্পিয়ন নারী ফুটবল দল এবং রানারআপ বালক দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে হযরতপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ জাকির হোসেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

দৈনিক টার্গেট 























