সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে বরগুনা সদর, বেতাগী, পাথরঘাটা ও আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগানো হয়। একই সঙ্গে সেখানে পোস্টার ও চিরকুট সাঁটিয়ে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে তালা লাগানোর পাশাপাশি শেখ হাসিনার ছবি সংবলিত এবং বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নাম লেখা পোস্টার লাগানো হয়। এ ছাড়া পাথরঘাটা সরকারি কলেজ, কয়েকটি মাদ্রাসা, বামনার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বরগুনা সদরের জিলা স্কুলের প্রধান ফটকেও তালা লাগানো হয়।
একই রাতে বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, পাথরঘাটা-মঠবাড়িয়া আঞ্চলিক সড়ক এবং কাকচিঁড়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়।
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান বলেন, তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। বর্তমানে কোথাও কোনো তালা নেই। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দৈনিক টার্গেট 























