পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শহরের পৌরসভা এলাকা, রবীন্দ্র-লালন উদ্যান, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়, টি-টাইপ কোয়ার্টার ও আউটার স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক চলাফেরা এবং সন্ধ্যার পর অনিয়মতান্ত্রিক আড্ডায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন বয়সী ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
এর আগে সোমবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ছুরিকাঘাতের শিকার হয় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা (১৬)।
পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় পেছন থেকে এসে এক কিশোর ধারালো ছুরি দিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই কিশোর। প্রকাশ্যে এমন হামলার ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরপরই কিশোর অপরাধ ও গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নামে জেলা পুলিশ।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, শহরের বিভিন্ন স্থান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ জন কিশোর-তরুণকে হেফাজতে নেওয়া হয়েছে। থানায় তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই চলছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 






















