প্রতিবেদন অনুযায়ী, মার্কারির দাখিল করা নথিতে ট্রাম্পের ওই অভিনন্দনবার্তার পাশাপাশি এক্সে প্রকাশিত একটি পোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। পোস্টটিতে জুন মাসে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান ট্রাম্প।
২০২৫ সালের এপ্রিলে ভারত জেসন মিলারের প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। তবে মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর গত ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসির চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার পারিশ্রমিক দেওয়ার কথা ছিল।
চুক্তির নথিতে প্রতিষ্ঠানটির দায়িত্বের পরিধি সম্পর্কে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, থিংকট্যাংক এবং অন্যান্য প্রাসঙ্গিক অংশীজনদের কাছে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়া, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি পর্যায়ে সম্পর্ক উন্নয়নে সহায়তা করা।
যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী, বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী ‘বিদেশি মক্কেলের এজেন্টদের’ নির্দিষ্ট সময় পরপর সংশ্লিষ্ট মক্কেলের সঙ্গে তাদের সম্পর্ক, পরিচালিত কার্যক্রম এবং এ বাবদ পাওয়া আর্থিক পারিশ্রমিকের তথ্য প্রকাশ করতে হয়।
ফারার আওতায় দাখিল করা নথি অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে জেসন মিলারের প্রতিষ্ঠান ভারতের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার ফোনালাপের ব্যবস্থা করে। এসব ফোনালাপে অংশ নেওয়া মার্কিন কর্মকর্তাদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, উপ–জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিডহ্যাম এবং সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি জিন ল্যাঞ্জ।

দৈনিক টার্গেট 





















