নিহত ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার মো. মহসিন আলীর ছেলে। নিহত সহকারী মো. সোহরাবের (৩৫) বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রংপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে আসা মালবাহী ট্রাকটি পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকা অতিক্রমের সময় সামনে থাকা একইমুখী একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে মহাসড়কে দাঁড়িয়ে যায়।
পেছনে থাকা মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও তাঁর সহকারী কেবিনে আটকা পড়েন।
কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে ট্রাক ও কাভার্ডভ্যান সরিয়ে নেওয়া হয়েছে।
নিহত দুজনের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান উপপরিদর্শক আব্দুল মতিন।

দৈনিক টার্গেট 





















