কারিনা কায়সারের মৃত্যুতে আসিফ মাহমুদের শোক

রাজনীতি

জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার–এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, কারিনা কায়সারের মৃত্যু দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় ধরনের ক্ষতি।

শোকবার্তায় আসিফ মাহমুদ উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় কারিনা কায়সার সরব ভূমিকা পালন করেছিলেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সক্রিয় উপস্থিতি ও সাহসী অবস্থান মানুষের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, কারিনা কেবল একজন অভিনয়শিল্পী ছিলেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

তিনি আরও বলেন, দমন-পীড়নের সময়েও কারিনা সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন। তার সাহস, দায়বদ্ধতা ও সংগ্রামী চেতনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা।

আসিফ মাহমুদ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শনিবার কারিনা কায়সারের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।