রাতের শেষ তৃতীয়াংশ বা তাহাজ্জুদের সময়টি দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ সময়। হাদিসে এসেছে, এই সময়ে মহান আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন—কে আছো আমাকে ডাকবে, আমি সাড়া দেব? কে আছো আমার কাছে চাইবে, আমি দান করব? কে আছো ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব? (সহিহ বুখারি ও মুসলিম)
সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনের একটি নির্দিষ্ট সময়ে দোয়া কবুল হয়। অধিকাংশ ইসলামি স্কলারের মতে, জুমার দিন আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত বা মাগরিবের আগপর্যন্ত সময়টি দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম মুহূর্ত।
আজান শেষ হওয়া থেকে ইকামত শুরু হওয়া পর্যন্ত সংক্ষিপ্ত সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী (সা.) বলেছেন, এই মধ্যবর্তী সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। (জামে তিরমিজি)
বান্দা যখন সিজদায় অবনমিত হয়, তখন সে তার রবের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। রাসুলুল্লাহ (সা.) সিজদায় বেশি বেশি দোয়া করার তাগিদ দিয়ে বলেছেন, এটি আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মুহূর্ত। (সহিহ মুসলিম)
প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ ও দরুদ পাঠের পর এবং সালাম ফেরানোর আগের মুহূর্তটি দোয়া কবুলের জন্য অত্যন্ত উপযোগী।
দোয়া কবুলের জন্য নির্দিষ্ট এই সময়গুলোর পাশাপাশি অন্তরের আকুতি, হালাল রিজিক ও দৃঢ় বিশ্বাস অত্যন্ত জরুরি। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এই বরকতময় মুহূর্তগুলোতে বেশি বেশি ইস্তিগফার ও প্রার্থনা করা প্রতিটি মুমিনের কর্তব্য।

দৈনিক টার্গেট 


























