দুই বছর আগে আটলান্টিকের অন্ধকার গহ্বরে ঘটে যাওয়া টাইটান সাবমেরিন বিস্ফোরণের প্রকৃত কারণ অবশেষে সামনে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড প্রকাশ করেছে একটি বিস্তৃত ৩৩৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন, যেখানে উন্মোচিত হয়েছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
এই রিপোর্ট শুধু ওশানগেট নামের সংস্থাটির দায়িত্বহীনতার নজির নয়, বরং গোটা গভীর সমুদ্র পর্যটন উদ্যোগকেই এক কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
অন্তঃস্থল থেকেই শুরু হয়েছিল ধ্বংসযাত্রা
২০২৩ সালের জুন মাসে, যখন টাইটান সাবমেরিনটি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়, তখনই আলোড়ন ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তবে এই ঘটনার শেকড় যে আরও গভীরে প্রোথিত ছিল, তা আজ নিশ্চিত করলো মার্কিন কোস্ট গার্ডের চূড়ান্ত তদন্ত রিপোর্ট। এতে বলা হয়েছে, সাবমেরিনটির কাঠামোগত নকশায় ছিল গুরুতর ত্রুটি। ব্যবহার করা হয়েছিল এমন কার্বন ফাইবার উপাদান, যা সময়ের সাথে দুর্বল হয়ে পড়ছিল। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ওশানগেট কর্তৃপক্ষ এই বিষয়টি জানার পরও কোনোপ্রকার কার্যকর রক্ষণাবেক্ষণ না করেই পর্যটন অভিযান চালিয়ে গিয়েছে।
শব্দ দিয়ে এসেছিল সতর্কবার্তা, উপেক্ষা ছিল পরিণতির মূল
প্রতিবেদন থেকে জানা যায়, সাবমেরিনটির ৮০তম ডাইভেই যাত্রীরা ‘বিস্ফোরণের মতো’ শব্দ শুনেছিলেন, যা পরে নিশ্চিত হয় ফাইবার স্তরের বিচ্ছিন্নতা হিসেবে। এই ডাইভ ছিল একপ্রকার পূর্বাভাস যা কোম্পানিটি সময় থাকতে গুরুত্ব দেয়নি। পরবর্তী প্রতিটি অভিযানে যাত্রীরা ছিলেন মৃত্যুর একেবারে দোরগোড়ায়।
লেফটেন্যান্ট কমান্ডার কেটি উইলিয়ামস সাফ বলেন, “৮০তম ডাইভই ছিল পতনের সূচনা। এরপর যারা টাইটানে উঠেছেন, তারা প্রত্যেকেই ছিলেন জীবনের জুয়ায়।”
ভয়ভীতি ও ভাবমূর্তির খোলসে ঢাকা গাফিলতি
তদন্তে আরো বেরিয়ে এসেছে, কোম্পানির অভ্যন্তরে যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাঁদের চাকরি হারানোর হুমকি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ওশানগেট বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে ‘কৌশলগতভাবে ব্যবহার করে’ সরকারি পর্যায়ের তদারকি এড়িয়ে যায়।
২০২৩ সালের সেই ভয়াবহ অভিযানের সময় তারা কোনো নিরপেক্ষ প্রযুক্তিগত পর্যালোচনা ছাড়াই সমুদ্রগর্ভে নেমে যায়। এই সিদ্ধান্ত যে কতটা প্রাণঘাতী হতে পারে, তা বিশ্ব এখন প্রত্যক্ষ করেছে।
বিশ্বজুড়ে আলোচনার ঝড়: নিরাপত্তা না কি লোভের জেতা বাজি?
এই প্রতিবেদন সামনে আসার পর গভীর সমুদ্র পর্যটনের ভবিষ্যৎ এবং বেসরকারি উদ্যোগের দায়বদ্ধতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা পর্যটন শিল্পে ‘দায়িত্বহীনতার কালো দৃষ্টান্ত’ হয়ে থাকবে।
বিশ্বখ্যাত ফরাসি ডুবুরি পল-হেনরি নার্জিওলেট, ব্রিটিশ ধনকুবের হ্যামিশ হার্ডিং, পাকিস্তানি-ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তাঁর ছেলে সুলেমান এবং ওশানগেটের সিইও স্টকটন রাশ এই পাঁচজনের জীবন চলে গেছে একটি উপেক্ষিত ফাটলের ভেতর দিয়ে।
প্রযুক্তি যদি অনিয়ন্ত্রিত হয়, পরিণতি হয় মৃত্যু
টাইটানের দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, বৈজ্ঞানিক উৎকর্ষ ও প্রযুক্তিগত দম্ভ যদি মানবিক বোধ, নৈতিকতা ও নিরাপত্তার প্রশ্নে পরাজিত হয় তাহলে তা শুধু দুর্ঘটনা নয়, হয়ে ওঠে অপরাধ। গভীর সমুদ্র অভিযানের ইতিহাসে টাইটান এখন শুধুই একটি সাবমেরিনের নাম নয়, এটি হয়ে উঠেছে সতর্কবার্তা, একটি যুগান্তকারী শিক্ষা।















Leave a Reply