মঙ্গলবার (২৪ নভেম্বর) হংকংয়ের হাইকোর্টে সাক্ষ্য দেওয়ার সময় ৩১ বছর বয়সী অ্যালেক্স কোয়াং বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশ তাঁকে দিয়ে তিন পৃষ্ঠার একটি জবানবন্দি লিখিয়ে নেয়। তিনি ভেবেছিলেন, ওই বক্তব্যের ভিত্তিতে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিলে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে না। আদালতে বলেন তিনি, ‘আমি ভেবেছিলাম, প্রসিকিউশনের সাক্ষী হলে আমার বিরুদ্ধে মামলা করা হবে না।’
তবে অ্যালেক্স দাবি করেন, পুলিশের কাছে দেওয়া বক্তব্য তাঁর প্রকৃত কথার প্রতিফলন ছিল না। পুলিশ তাঁকে বিভ্রান্ত করে বক্তব্য দিতে বাধ্য করেছিল। এমনকি বক্তব্যের যেসব অংশ প্রসিকিউশনের পক্ষে সহায়ক নয়, সেগুলো বাদ দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল। তাঁর ভাষায়, ‘এই বক্তব্য প্রায় বানোয়াট ছিল। কারণ, আমি এমনটা বলিনি।’
২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি ২৮ বছর বয়সী অ্যাবি চোইকে হত্যার অভিযোগ ওঠে অ্যালেক্সের বিরুদ্ধে। প্রসিকিউশনের দাবি, সাবেক স্ত্রীকে স্কুল থেকে তাঁদের মেয়েকে নিয়ে আসার কথা বলে গাড়িতে ওঠানো হয়। এ সময় অ্যালেক্স হাতুড়ি দিয়ে তাঁকে আঘাত করেন। তাঁর বড় ভাই অ্যান্থনি কোয়াং গাড়ি চালাচ্ছিলেন। পরে অ্যালেক্সের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা ৬৯ বছর বয়সী কোয়াং কাউ ও বড় ভাই মিলে অ্যাবির মরদেহ টুকরো টুকরো করে তাই-পো এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান। ঘটনার তিন দিন পর সেখানে মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়।
তবে অ্যালেক্স দাবি করেছেন, হত্যাকাণ্ডের সময় প্রাণঘাতী আঘাতটি তাঁর বাবা দিয়েছিলেন। অন্যদিকে তাঁর বড় ভাই আদালতে জানিয়েছিলেন, গাড়িতে অ্যালেক্সের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অ্যাবি নিহত হন। তিন আসামিই হত্যার অভিযোগ অস্বীকার করলেও মরদেহ অবৈধভাবে সরিয়ে ফেলার অভিযোগ স্বীকার করেছেন।
আদালতে অ্যালেক্স আরও দাবি করেন, হত্যায় ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করা হাতুড়িতে তাঁর ডিএনএ পাওয়া গেলেও তিনি কখনো সেটি স্পর্শ করেননি। হাতুড়িটি তাঁর ভাই কিনেছিলেন বলে জানান তিনি।
অন্যদিকে প্রসিকিউটর শার্লট ড্রেকট অভিযোগ করেন, অ্যাবির গোলাপি রঙের বারকিন ব্যাগে তাঁর রক্তের দাগ ও ক্ষতচিহ্ন পাওয়া গেছে। সাবেক স্বামীর আক্রমণ ঠেকাতে ব্যাগটি ব্যবহার করেছিলেন অ্যাবি।

দৈনিক টার্গেট 

























