রিয়াল মাদ্রিদ থেকে কোমোতে যোগ দেওয়ার পর সিরি আতে দুর্দান্ত ছন্দে আছেন পাস। মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাঁর নামও আলোচনায় রয়েছে। তবে ফাব্রেগাস চান না, কিংবদন্তি মেসির সঙ্গে তুলনা কিংবা উত্তরসূরি হওয়ার প্রত্যাশা তরুণ এই ফুটবলারের স্বাভাবিক বিকাশে বাধা হয়ে দাঁড়াক।
সাবেক বার্সেলোনা ও আর্সেনাল মিডফিল্ডারের মতে, মেসির প্রতি সম্মান জানাতে জার্সিটি তুলে রাখা উচিত। একই সঙ্গে পাসকে বাড়তি চাপ থেকে দূরে রাখাও জরুরি। এ প্রসঙ্গে ফাব্রেগাস বলেন, ‘ওকে শান্তিতে থাকতে দিন। ১০ নম্বর মেসির জন্যই, আর কিছু নয়। জার্সিটি তুলে রাখা উচিত।’
শুধু জার্সির প্রতীকী গুরুত্ব নয়, আন্তর্জাতিক ফুটবলের ধকলও তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন ফাব্রেগাস। জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ক্লাবে ফিরে খেলোয়াড়দের শারীরিক অবস্থা সামলানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন তিনি। আর্জেন্টিনা দলে প্রথমবার ডাক পাওয়ার পর পাসের ক্লান্তির কথাও স্মরণ করেছেন কোমো কোচ।
ফাব্রেগাস বলেন, ‘জাতীয় দলে নিকোর প্রথমবার যাওয়ার কথা মনে আছে। সে ফিরে এসে পারমার বিপক্ষে ম্যাচে একেবারে ক্লান্ত ছিল। গোল করলেও মাঠে হাঁটছিল। বোঝা যাচ্ছিল, সে নিজের স্বাভাবিক অবস্থায় নেই। এখন তারা নিজেদের আরও ভালোভাবে সামলাতে পারে।’

দৈনিক টার্গেট 

























