রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনায় নিহতদের স্মরণে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টনজোন। সোমবার বাদ মাগরিব সংগঠনটির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্টন জোনের সভাপতি মুফতি সালাহ উদ্দীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী। এতে বক্তব্য দেন মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা মাঞ্জুরুল হক, মাওলানা মাখদুম ও মাওলানা আবদুল্লাহ রাসেল। দোয়া পরিচালনা করেন মুফতি জুবায়ের রশিদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রে কোনো নাগরিকের প্রাণহানি দমন-পীড়নের মাধ্যমে হওয়া গ্রহণযোগ্য নয়। তাদের মতে, শাপলা চত্বরের ঘটনাটি শুধু একটি সহিংসতার ঘটনা নয়, বরং এটি ন্যায়বিচার ও মানবাধিকারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। তাই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন, দায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।
তারা আরও বলেন, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে একদিন সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই নিহতদের প্রতি যথাযথ সম্মান জানানো সম্ভব হবে।
দৈনিক টার্গেট 


























