তবে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয় ‘Masum mirdha’ নামের ফেসবুক পেজ থেকে। চলতি বছরের ২৬ জুলাই শেয়ার করা পোস্টটি কয়েক লাখের বেশি দেখা হয়েছে এবং পোস্টটিতে প্রায় ২২ হাজারের বেশি রিয়েকশন রয়েছে।
পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও বিভ্রান্তি লক্ষ্য করা যায়। কমেন্টে একজন লেখেন, ‘একজন সন্তানকে মায়ের চেয়ে কেউ কি বেশি চিনতে পারে?’ অপর একজন বলেন, ‘তাই তো বলি, তারেক রহমান যেখানেই যায়, বউ কেন নিয়ে চলে?’ আরেকজন প্রশ্ন তোলেন, ‘এগুলো কবে বললেন? নাকি এআই দিয়ে বানিয়েছেন?’
প্রচারিত ২৯ সেকেন্ডের ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলতে শোনা যায়, ‘ঢাকায় আন্দোলন সেভাবে করা সম্ভব হয়নি। এখানে আবার পরিবারের মধ্যে গণ্ডগোল হচ্ছে। তারেক রহমানকে তো আপনারা ভালো করেই চেনেন। বউয়ের সঙ্গেও গণ্ডগোল। বউও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।’ ভিডিওটিতে একই বক্তব্যের পুনরাবৃত্তি শোনা যায়।
অনুসন্ধানে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’-এর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ৪ নভেম্বর আপলোড করা ‘১লা নভেম্বর ২০১৫, লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাষণ’ শিরোনামের দুটি ভিডিওর সন্ধান পাওয়া যায়।
ওই ভিডিও দুটি বিশ্লেষণ করে দেখা যায়, আলোচিত ভিডিওটি মূলত ২০১৫ সালে লন্ডনে দেওয়া খালেদা জিয়ার একটি বক্তব্যের ভিন্ন ভিন্ন অংশ জোড়া দিয়ে তৈরি করা হয়েছে।
আবার একই বক্তব্যের অন্য একটি অংশের ৪ মিনিট ৪৪ সেকেন্ডে আন্দোলনের প্রসঙ্গে খালেদা জিয়াকে বলতে শোনা যায়, ‘আপনারা যতই বলেন আন্দোলন, আন্দোলন ঢাকায় সেভাবে করা সম্ভব হয়নি।’
তারেক রহমান ও জুবাইদা রহমানকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতিবাচক মন্তব্যের ভিডিওটি সম্পাদিত। ২০১৫ সালে লন্ডনে একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার বক্তব্যের দুটি ভিন্ন অংশ জোড়া দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে। বক্তব্যটি ছিল মূলত দশম জাতীয় সংসদ নির্বাচন ও হুসেইন মুহাম্মদ এরশাদ প্রসঙ্গে।
দৈনিক টার্গেট 


























