প্রশ্ন হলো, শীতকালে পা ঠান্ডা হয় কেন? এর উত্তরটাও সহজ। শীতে সোয়েটার, শাল কিংবা জ্যাকেট পরি আমরা। এতে শরীরের ওপরের অংশ গরম থাকলেও হাত ও পায়ের পাতা কিছুতেই গরম হতে চায় না। এর কারণ হলো, শীতকালে পরিবেশের তাপমাত্রা কমে গেলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে হাত-পায়ের রক্তনালি কিছুটা সংকুচিত হয়ে আসে। ফলে পা ঠান্ডা হয়ে যাওয়া খুব সাধারণ একটি সমস্যা হিসেবে দেখা দেয়। তবে প্রতিদিনের অভ্যাসে সামান্য কিছু পরিবর্তন আনলেই কনকনে শীতেও পা রাখা যায় একদম গরম, সুস্থ ও আরামদায়ক।
শীতে পা গরম রাখার সহজ ও কার্যকর উপায় হলো সঠিক মোজা নির্বাচন করা। অনেকেই সারা বছর সুতির মোজা পরেন, কিন্তু শীতে সুতির মোজা পায়ের ঘাম শুষে নিয়ে উল্টো পা আরও ঠান্ডা করে দেয়। এর বদলে শীতে উলের বা থার্মাল মোজা বেছে নিন। এগুলো শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করে। তবে খেয়াল রাখবেন, মোজার ইলাস্টিক যেন খুব বেশি আঁটসাঁট না হয়। কারণ, অতিরিক্ত টাইট মোজা পায়ে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে।
শীতকালে মাটি তো ঠান্ডা থাকেই, সঙ্গে ঘরের টাইলস, মোজাইক বা মার্বেলের মেঝে ঠান্ডা হয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে মেঝেতে পা রাখলে শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায় এবং ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই ঘরের ভেতরে সব সময় আরামদায়ক ও মোটা সোলের স্লিপার পরার অভ্যাস করুন।
সারা দিনের কাজ শেষে বাড়ি ফিরে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে ১০ থেকে ১৫ মিনিট কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখুন। পানিতে সামান্য লবণ বা কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলে পায়ের ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি রক্ত সঞ্চালন দ্রুত স্বাভাবিক হয়। এতে পা দীর্ঘক্ষণ গরম থাকে এবং রাতে ঘুমও খুব ভালো হয়। তবে পানি যেন অতিরিক্ত গরম না হয়, সেদিকে খেয়াল রাখুন।
শীতের শুষ্ক আবহাওয়ায় পায়ের ত্বক রুক্ষ হয়ে যায় এবং গোড়ালি ফাটার প্রবণতা বাড়ে। পা ধোয়ার পর তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিয়ে হালকা গরম সরিষার তেল, অলিভ অয়েল বা নারকেল তেল দিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। ম্যাসাজের ফলে পায়ের পেশিতে রক্তপ্রবাহ বাড়ে, যা ভেতর থেকে পা গরম রাখতে সাহায্য করে। তেল বা ভারী ময়শ্চারাইজার মাখার পর পাতলা এক জোড়া মোজা পরে নিলে পা যেমন গরম থাকবে, তেমনি ত্বকও থাকবে কোমল।
বাইরে বের হওয়ার সময় খোলা স্যান্ডেলের বদলে পা ঢাকা জুতা, স্নিকার্স বা বুট পরুন। এগুলো বাতাস ও ঠান্ডা প্রতিরোধ করতে পারে। জুতা কেনার সময় খেয়াল রাখবেন, মোজা পরার পরও যেন জুতার ভেতরে পায়ের আঙুল নাড়াচাড়া করার মতো পর্যাপ্ত জায়গা থাকে। খুব চাপা জুতা পরলে পায়ে রক্ত চলাচল কমে গিয়ে পা আরও বেশি ঠান্ডা হয়ে যায়।
অফিসে বা বাসায় দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে পা অবশ ও ঠান্ডা হয়ে আসে। তাই মাঝেমধ্যে চেয়ারে বসে পায়ের আঙুল নাড়ান, গোড়ালি ঘোরান বা প্রতি এক ঘণ্টা পরপর কয়েক মিনিট হেঁটে আসুন। পাশাপাশি শীতকালে পর্যাপ্ত পানি পান করুন এবং আদা চা, দারুচিনি বা বাদামের মতো যেসব খাবার শরীর গরম রাখে খাদ্যতালিকায় সেসব খাবার রাখুন।
শীতের সকালে বা রাতে পায়ের এই সামান্য যত্ন আপনাকে কেবল কনকনে ঠান্ডার অস্বস্তি থেকে বাঁচাবে না, বরং পুরো শীতে দেবে সুস্থতা ও প্রশান্তির অনুভূতি।

দৈনিক টার্গেট 






















