প্রথম দুই সিজনে নাসির উদ্দিন খানের সঙ্গে ছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। শায়লা চরিত্রে তিনিও ছিলেন বেশ আলোচনায়। জানা গেছে, তৃতীয় সিজনে অ্যালেন স্বপন হয়ে নাসির উদ্দিন খান ফিরলেও থাকছেন না মিথিলা। এবার নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন সাদিয়া জাহান প্রভা।
মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত অক্টোবরে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন। মূলত এ কারণে অ্যালেন স্বপনের নতুন সিজনে যুক্ত হতে পারেননি মিথিলা। জানা গেছে, শেষ পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করেছিল সিরিজটির টিম।
ইতিমধ্যে শুরু হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর শুটিং। তবে প্রভা এখনো শুটিংয়ে যোগ দেননি; এ মাসের শেষ দিকে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসের মাঝামাঝি সিরিজটির শুটিং শেষ হবে। এতে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ।
আনুষ্ঠানিক ঘোষণার আগে নতুন সিজন নিয়ে বিস্তারিত কিছু বলতে না চাইলেও গত মাসে এক সাক্ষাৎকারে শিহাব শাহীন জানিয়েছিলেন, এবার দেখা যাবে নতুন গল্প, যুক্ত হবে বেশ কিছু নতুন চরিত্র। জানা গেছে, এই সিজনের গল্পের প্রেক্ষাপট হবে ঢাকা শহরকেন্দ্রিক।

দৈনিক টার্গেট 


-349f8e-256x144.webp)






















