গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে।
ট্রেনের কর্মচারীরা আগুন লাগার ঘটনার পর বগিটির কাছাকাছি একটি বোতল দেখতে পেয়েছেন বলে জানা গেছে। তাঁদের ধারণা, দুর্বৃত্তরা পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে দুটি আসন পুড়ে গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে। নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। অন্যদিকে চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় ছেড়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।

দৈনিক টার্গেট 





















