আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর পরপরই আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে শিক্ষিকা আনারকলি ফারজানা শিক্ষার্থীদের দ্রুত শ্রেণিকক্ষ থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে বিদ্যালয়ের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়। খবর পেয়ে বামন্দী পল্লী বিদ্যুৎ অফিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত সেখানে ছুটে যান। তবে এর আগেই শিক্ষার্থীদের নিরাপদে বাইরে সরিয়ে নেওয়া হয়েছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তামিম আহাম্মেদ ও মহিমা খাতুন বলে, আগুন ও ধোঁয়া দেখে তারা খুব ভয় পেয়ে যায়। এ সময় শিক্ষিকা প্রথমে সবাইকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেন। তাদের শ্রেণিকক্ষে ৩০-৩২ জন শিক্ষার্থী ছিল।
সহকারী শিক্ষিকা আনারকলি ফারজানা বলেন, ইসলাম শিক্ষার শ্রেণিপরীক্ষা নেওয়ার সময় হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন ও ধোঁয়া দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বাইরে বের করে দেন। পরে বিদ্যালয়ে থাকা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানো হয়। তাঁর ভাষ্য, পরিস্থিতি সামাল দিতে তিনি নিজেকে স্বাভাবিক রেখে দ্রুত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে আসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, পরীক্ষা চলাকালে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে সহকারী শিক্ষিকা দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। আগুন পুরো শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশীদ বলেন, ঘটনার খবর পেয়ে তিনি খোঁজখবর নিয়েছেন। এতে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বামন্দী পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা হয়েছে। তারা বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় কাজ ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছে।
পল্লী বিদ্যুতের বামন্দী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. কামাল হোসেন বলেন, শর্টসার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত একটি দল বিদ্যালয়ে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ লাইনের কিছু কাজ করা হয়েছে। বাকি কাজ আগামীকাল সম্পন্ন করা হবে।

দৈনিক টার্গেট 





















