স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের ৬৭ কিলোমিটারে কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়া হয়েছে। লকডাউনের কারণে সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। মানুষের চলাচলও সীমিত। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এতে শহর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাচৌকি বসিয়েছে পুলিশ। এ ছাড়া গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার সামনে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। জনসাধারণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার নিরাপত্তায় বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্বে রয়েছেন।

দৈনিক টার্গেট 





















