পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পূর্বজলাবাড়ী। একসময় গ্রামটির আশপাশের চার-পাঁচ মাইলের মধ্যে ছিল না কোনো দোকানপাট কিংবা বসতঘর। গ্রামের আঁকাবাঁকা মেঠোপথের দুই পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, গাছগাছালি আর ঝোপঝাড়। সন্ধ্যা নামলেই নেমে আসত ঘুটঘুটে অন্ধকার। চারপাশ থেকে ভেসে আসত শেয়ালের ডাক। সন্ধ্যার পর মানুষের চলাচলও ছিল সীমিত।
তখন গ্রামের কর্মজীবী মানুষদের প্রয়োজনীয় কেনাকাটা কিংবা অন্যান্য কাজে যেতে হতো উপজেলা সদরের বাজারে। কাকডাকা ভোরে বাড়ি থেকে বের হয়ে মাইলের পর মাইল মেঠোপথ পাড়ি দিতে হতো তাঁদের। দীর্ঘ পথের ক্লান্তি, বিশেষ করে গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে তৃষ্ণায় কষ্ট পেতে হতো পথচারীদের।
পথচারীদের এমন দুর্ভোগের কথা চিন্তা করে মানবিক উদ্যোগ নেন প্রয়াত হরলাল কান্ত বড়াল। বাংলা ১৩৮৭ সালে গ্রামের মেঠোপথের পাশে খালের পাড়ে তিনি গড়ে তোলেন একটি পান্থশালা। বাঁশের খুঁটির ওপর গোলপাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছিল ছোট্ট আশ্রয়স্থলটি। চারপাশে ছিল না কোনো বেড়া, ছিল না জাঁকজমকপূর্ণ আয়োজন। ছিল শুধু পথিকের জন্য একটু আশ্রয় আর তৃষ্ণা মেটানোর ব্যবস্থা।
পান্থশালায় এক-দুটি মাটির কলসিতে রাখা হতো খাবার পানি। পাশে থাকত মাটির গ্লাস ও বাতাসা। দীর্ঘ পথ হেঁটে আসা ক্লান্ত পথিকেরা সেখানে এসে কলসি থেকে শীতল পানি পান করতেন। সঙ্গে বাতাসা খেয়ে খুঁটিতে পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ জিরিয়ে নিতেন। বিশেষ করে চৈত্রের খরতাপে উত্তপ্ত পথ পাড়ি দিয়ে আসা মানুষের কাছে এক গ্লাস পানি হয়ে উঠত পরম প্রশান্তির।
স্থানীয় প্রবীণ অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অনিল চন্দ্র বড়াল বলেন, ‘একসময় এ এলাকায় কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ঘরবাড়ি কিংবা দোকানপাট ছিল না। দুর্গম পথ দিয়ে চলাচলের সময় কোথাও পানিও পাওয়া যেত না। বিশেষ করে চৈত্র মাসের প্রচণ্ড গরমে পথচারীরা পিপাসার্ত হয়ে পড়তেন। তাঁদের কষ্টের কথা চিন্তা করে হরলাল কান্ত বড়াল নিজের মানসিক তৃপ্তির জন্য খালের পাড়ে পান্থশালাটি তৈরি করেন।’
পান্থশালার সেই স্থানটিতে এখন গড়ে উঠেছে একটি মন্দির। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বছরজুড়ে সেখানে বিভিন্ন পূজা-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। বৈশাখ মাসে বসে মেলা, আয়োজন করা হয় পূজা ও নামকীর্তনের। এসব অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে শত শত মানুষের সমাগম ঘটে।
মন্দিরের পূজারি অমৃত লাল হালদার বলেন, ‘হরলাল কান্ত বড়াল একসময় বাঁশের খুঁটি ও গোলপাতার ছাউনি দিয়ে পথিকদের জন্য বিশ্রামাগার তৈরি করেছিলেন। তিনি নিয়মিত ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষকে পানি ও বাতাসা খাওয়াতেন। এভাবেই ধীরে ধীরে জায়গাটির পরিচিতি ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে স্থানীয় মানুষের উদ্যোগে সেখানে ছোট্ট একটি মন্দির গড়ে ওঠে। পরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সৌজন্যে মন্দিরটি নির্মাণ করা হয়।’
তিনি জানান, পান্থশালার স্মৃতি ধরে রাখতে মন্দিরের পাশে কাঠের একটি ঘর তৈরি করে সেটিকে পান্থশালা হিসেবে রাখা হয়েছে। এখন আর আগের মতো পথিকেরা সেখানে পানি পান করতে আসেন না। তবে পূজা, নামকীর্তন ও বৈশাখী মেলায় প্রতিবছর বহু মানুষের সমাগম হয়।
স্থানীয় ইউপি সদস্য সুব্রত কুমার বড়াল বলেন, পথচারীদের সাময়িক প্রশান্তির কথা চিন্তা করেই হরলাল কান্ত বড়াল পান্থশালাটি নির্মাণ করেছিলেন। বিশেষ করে চৈত্র মাসে ক্লান্ত পথিকদের পানি পান করানোর পাশাপাশি বাতাসা ও মুড়ি খাওয়াতেন তিনি। এভাবেই পান্থশালাটির নাম ছড়িয়ে পড়ে গোটা উপজেলায়। এখন পান্থশালার প্রয়োজন ফুরিয়েছে, কিন্তু জায়গাটির পরিচিতি রয়ে গেছে আগের মতোই। বর্তমানে সেখানে মন্দিরে পূজা ও কীর্তন অনুষ্ঠিত হলে দূরদূরান্ত থেকে শত শত মানুষ আসেন।

দৈনিক টার্গেট 





















