শীতের এই পরিচিত দৃশ্যের পেছনে রয়েছে শতকোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৪ লাখ ১৯ হাজার খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা যাবে। এসব গাছ থেকে ৭ হাজার টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। প্রতি কেজি গুড়ের সম্ভাব্য দাম ১৬৪ টাকা ৯০ পয়সা ধরে এর বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১১৫ কোটি টাকা।
কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে এই অঞ্চলে রস দেওয়ার উপযোগী গাছের সংখ্যা ছিল ১৭ লাখ ৪৩ হাজার ৩৬৬টি। গত ৫ বছরে সেই গাছ কমে ১৭ লাখ ১ হাজার ৫০০টিতে নেমে এসেছে। অর্থাৎ এ সময়ে কমেছে ৪১ হাজার ৮৬৬টি গাছ। গাছের সংখ্যা কমার প্রভাব পড়ছে গুড় উৎপাদনেও।
নাটোরে গত মৌসুমে ৭ হাজার ৭৮৪ টন গুড় উৎপাদিত হয়েছিল। এর আনুমানিক বাজারমূল্য ছিল ৯৩ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টন। প্রতি কেজি ১৬৪ টাকা ৯০ পয়সা হিসাবে এর বাজারমূল্য প্রায় ১১৫ কোটি টাকা।
নাটোরের সাত উপজেলার মধ্যে খেজুরগাছের সংখ্যায় এগিয়ে রয়েছে লালপুর। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলাটিতে রস সংগ্রহের উপযোগী গাছ রয়েছে প্রায় ২ লাখ ৯০ হাজার ৫০০টি। জেলার মোট উপযোগী গাছের বড় অংশই এ উপজেলায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে গুরুদাসপুর।
গুরুদাসপুর উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, উপজেলায় রস আহরণের উপযোগী খেজুরগাছ রয়েছে ৭৫ হাজার ৯৪০টি। শীতের শুরু থেকে প্রায় ৭৫ দিন এসব গাছ থেকে রস সংগ্রহ করা যায়। প্রায় ৩ হাজার প্রান্তিক মানুষ গাছের পরিচর্যা, রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে যুক্ত রয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম রাফিউল ইসলাম জানান, প্রতিটি গাছ থেকে গড়ে ১৭ দশমিক ৪০ কেজি গুড় উৎপাদনের হিসাবে গুরুদাসপুরে মৌসুমজুড়ে প্রায় ১ হাজার ৩২২ টন গুড় উৎপাদিত হয়। প্রতি কেজি ২০০ টাকা ধরে এর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২৬ কোটি ৪৪ লাখ টাকা।
গাছপ্রতি রস ও গুড় উৎপাদনেও উপজেলাভেদে পার্থক্য রয়েছে। কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, সিংড়ায় একটি গাছ থেকে প্রায় ১৪০ লিটার রস সংগ্রহ করে ২০ কেজি গুড় পাওয়া যায়। গুরুদাসপুরে ১৮০ লিটার রস থেকে পাওয়া যায় ১৮ কেজি। আর লালপুরে একটি গাছ থেকে সর্বোচ্চ ২৫০ লিটার রস সংগ্রহ করে প্রায় ২৫ কেজি গুড় উৎপাদন হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক অনলাইন বিক্রেতা জানান, তাঁরা গাছিদের কাছ থেকে প্রতি কেজি গুড় ২২০ থেকে ২৫০ টাকা দরে কেনেন। পরে অনলাইনে তা বিক্রি করেন ৩০০ থেকে ৩৮০ টাকা পর্যন্ত। উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জেলাজুড়ে এ ধরনের অনলাইন গুড় ব্যবসায়ীর সংখ্যা ২৫০ থেকে ৪০০। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়ে।
রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান বলেন, এ অঞ্চলের গাছিরা ইতিমধ্যে রস সংগ্রহ করে গুড় উৎপাদন শুরু করেছেন। খেজুরের রস ও গুড়ের উৎপাদন এবং বিপণন বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

দৈনিক টার্গেট 

























