এই অবস্থায় তরুণ চাকরিপ্রার্থী থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবী—সবার মনেই প্রশ্ন, এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে, নাকি খুলে দেবে নতুন সম্ভাবনার দুয়ার? বাস্তবতা হলো, দুই ধরনের পরিবর্তনই ঘটবে। তবে এই পরিবর্তনের সময়ে এগিয়ে থাকবেন তাঁরাই, যাঁরা দ্রুত নিজেকে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন।
এআইয়ের প্রভাব সব পেশায় সমান হবে না। যেসব কাজে নিয়মিত তথ্য সাজানো, প্রাথমিক খসড়া তৈরি, পুনরাবৃত্তিমূলক হিসাব কিংবা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়, সেসব কাজের বড় অংশ স্বয়ংক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিছু দায়িত্ব কমবে, আবার কিছু পদ নতুনভাবে গড়ে উঠবে।
অন্যদিকে এআই ব্যবস্থাপনা, ডেটা বিশ্লেষণ, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মার্কেটিং, প্রযুক্তিনির্ভর বিক্রয়, স্বাস্থ্যসেবা ও শিক্ষা-প্রযুক্তির মতো খাতে তৈরি হতে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ। অর্থাৎ ভবিষ্যতের চাকরির বাজারে শুধু একটি নির্দিষ্ট কাজ জানাই যথেষ্ট হবে না, প্রযুক্তির সহায়তায় কাজের মান ও গতি বাড়ানোর পাশাপাশি কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও অর্জন করতে হবে।
প্রথমত, ডিজিটাল ও এআই-সাক্ষরতা। এআই টুল ব্যবহার করা মানে শুধু নির্দেশ লিখে উত্তর পাওয়া নয়। কোন কাজে কোন টুল ব্যবহার করতে হবে, কীভাবে কার্যকর নির্দেশনা দিতে হবে এবং পাওয়া তথ্যের যথার্থতা যাচাই করতে হবে, সেসব জানাও সমান জরুরি।
দ্বিতীয়ত, তথ্য বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা। কোনো তথ্যের অর্থ কী, তার ভিত্তিতে কী সিদ্ধান্ত নেওয়া যায় এবং সম্ভাব্য ঝুঁকি কোথায়, তা বিচার করার ক্ষমতা কর্মক্ষেত্রে মানুষের বড় শক্তি হয়ে থাকবে।
চতুর্থত, সৃজনশীলতা ও অভিযোজনক্ষমতা। নতুন ধারণা তৈরি, সমস্যাকে ভিন্নভাবে দেখা এবং পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত শেখার মানসিকতা ভবিষ্যতের কর্মজীবনে বড় সম্পদ হয়ে উঠবে। পাশাপাশি নৈতিকতা, তথ্যের গোপনীয়তা এবং এআইয়ের পক্ষপাত বা ভুল ফল শনাক্ত করার সচেতনতাও থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম কাজ হওয়া উচিত নিজ নিজ বিষয়ের জ্ঞানের সঙ্গে প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় ঘটানো। ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের স্প্রেডশিট, ডেটা ভিজ্যুয়ালাইজেশন ও এআই-সহায়ক বিশ্লেষণ শিখতে হবে। বিপণনের শিক্ষার্থীদের বুঝতে হবে গ্রাহক-তথ্য বিশ্লেষণ, কনটেন্ট মূল্যায়ন ও ডিজিটাল প্রচারণায় প্রযুক্তির ব্যবহার।
একইভাবে প্রকৌশল, মানবিক, আইন কিংবা স্বাস্থ্যবিষয়ক শিক্ষার্থীদেরও নিজ নিজ পেশায় এআইয়ের প্রয়োগ খুঁজে নিতে হবে। শুধু অনলাইন কোর্সের সনদ সংগ্রহ করলেই চলবে না, বাস্তব প্রকল্পে কাজ করে শেখা দক্ষতার প্রমাণ তৈরি করাই হবে বেশি কার্যকর।
নতুন চাকরিপ্রার্থীরা জীবনবৃত্তান্তে শুধু বিভিন্ন সফটওয়্যারের নাম উল্লেখ না করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে সময় বাঁচিয়েছেন, তথ্য বিশ্লেষণ করেছেন কিংবা কোনো সমস্যার সমাধান করেছেন, তা উদাহরণসহ তুলে ধরতে পারেন। ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবী কাজ, ছোট প্রকল্প ও পোর্টফোলিও তৈরির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ রয়েছে।
অন্যদিকে কর্মরত পেশাজীবীদেরও বছরে অন্তত কয়েকটি নতুন দক্ষতা শেখার লক্ষ্য রাখা উচিত। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রশিক্ষণ, সহকর্মীদের সঙ্গে জ্ঞান বিনিময় এবং নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শেখাকে দৈনন্দিন কাজের অংশ করা সম্ভব।
ক্যারিয়ারের ভবিষ্যৎ শুধু ব্যক্তির প্রস্তুতির ওপর নির্ভর করে না। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে। পাঠ্যক্রমে সমস্যা সমাধান, তথ্যের ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা এবং এআইয়ের দায়িত্বশীল প্রয়োগ যুক্ত করতে হবে।
অন্যদিকে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর উচিত কর্মীদের অপ্রয়োজনীয়ভাবে প্রতিস্থাপনের পরিবর্তে পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করা। একই সঙ্গে এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণে মানুষের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সবশেষে বলা যায়, এআই মানুষের সব কাজের বিকল্প হয়ে উঠবে, এমন সরল ধারণা যেমন ঠিক নয়, তেমনি প্রযুক্তির প্রভাব উপেক্ষা করাও ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে তাঁরাই এগিয়ে থাকবেন, যাঁরা নিজেদের পেশাগত জ্ঞানকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে পারবেন, প্রশ্ন করতে শিখবেন, প্রাপ্ত ফল যাচাই করবেন এবং মানুষের প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন।
তাই প্রশ্নটি হওয়া উচিত নয়, এআই আমার চাকরি কেড়ে নেবে কি না; বরং প্রশ্ন হওয়া উচিত, এআইকে কাজে লাগিয়ে কীভাবে আরও দক্ষ, সৃজনশীল ও মূল্যবান পেশাজীবী হয়ে উঠতে পারি? ক্যারিয়ারের আগামী অধ্যায় নির্ধারণে এই প্রস্তুতিই হবে সবচেয়ে বড় শক্তি।
-a3af21-256x144.webp)
দৈনিক টার্গেট 























