বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহিপাড়া ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। উভয় পক্ষই সংঘর্ষে গুলি ও টেঁটা ব্যবহারের অভিযোগ করেছে।
আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সেই বিরোধের জের ধরে আজ শুক্রবার বহিষ্কৃত বিএনপি নেতা হালিম আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী সামেদ আলীর অনুসারীরা সংঘর্ষে জড়ান বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
সামেদ আলীর অনুসারী আব্দুল কাদির সিপাই বলেন, ‘সকালে হালিম আজাদ লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। টেঁটা আর শটগান দিয়ে গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছে। আমাদের এক ভাতিজা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এলাকার বাড়িঘরে লুটপাট চালিয়েছে হালিম আজাদের বাহিনী। মূলত ইটভাটায় চাঁদাবাজি করতে না পারায় আমাদের ওপর হামলা চালিয়েছে সে।’
হালিম আজাদ বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে দুই গ্রামের বাসিন্দা জাকির ও মোতালেবের সঙ্গে কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরেই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমি এখানে ছিলাম না। আমি নিশ্চিত করে কিছু বলতে পারব না।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে। ৫ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গত মাসের ১০ তারিখে একই বিষয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেসময় গুলি ও টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে ৪০টি টেঁটা উদ্ধার করে পুলিশ।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর মাটি কাটা ও ইটভাটায় চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্দোলন করায় নারায়ণগঞ্জ জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামকে পিটিয়ে জখম করার অভিযোগ ওঠে হালিম আজাদের বিরুদ্ধে।

দৈনিক টার্গেট 



















