ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গত ১৪ মে কলম্বিয়া ছেড়েছিলেন জন। নিয়োগকারীরা তাঁর বোগোটা থেকে ইস্তাম্বুল হয়ে মস্কো যাওয়ার পুরো যাত্রার ব্যবস্থা করে দেন। মস্কো পৌঁছানোর এক দিন পর তাঁকে একটি চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয়। তিনি ভেবেছিলেন, এটি নাপিতের চাকরির চুক্তি। কিন্তু প্রকৃতপক্ষে সেটি ছিল রুশ সেনাবাহিনীতে যোগদানের চুক্তি।
কয়েক সপ্তাহ পর যুদ্ধক্ষেত্রে প্রথম অভিযানে গিয়ে ড্রোন হামলায় আহত হন জন। তাঁর ফুসফুসে আঘাত লাগে এবং হাতে ঢুকে যায় বোমার স্প্লিন্টার। আহত অবস্থায়ও তাঁকে আবার যুদ্ধক্ষেত্রে পাঠানোর চেষ্টা করা হলে ছেলেকে উদ্ধারে মস্কো যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁর মা সেনেইদা মুনোজ।
তবে জনের ঘটনা বিচ্ছিন্ন নয়। জাতিসংঘের গত অক্টোবরের এক প্রতিবেদনে লাতিন আমেরিকার সাতটি দেশের নাগরিকদের প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগও তুলেছে সংস্থাটি।
লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সরকারি হিসাবেও নিখোঁজ ও নিহতের সংখ্যা উদ্বেগজনক। পেরুর পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির ৪৫৯ জন নাগরিক রুশ বাহিনীতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন নিহত এবং ১৮৭ জন নিখোঁজ। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, রাশিয়ায় থাকা দেশটির ৯৪ নাগরিক নিহত এবং ২৯৭ জন নিখোঁজ হয়েছেন। বলিভিয়াও এ ধরনের ২৬টি ঘটনার কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিয়োগকারীরা তরুণদের রাঁধুনি, ইলেকট্রিশিয়ান, নির্মাণশ্রমিক, নিরাপত্তাকর্মী কিংবা সামরিক ঘাঁটিতে দায়িত্ব পালনের মতো বেসামরিক কাজের প্রস্তাব দিচ্ছেন। কোথাও কোথাও চুক্তিতে যোগ দেওয়ার জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বোনাস এবং আকর্ষণীয় মাসিক বেতনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাঁদের রুশ সিম কার্ড দেওয়া, ব্যাংক হিসাব খুলতে বাধ্য করা এবং রুশ ভাষায় লেখা চুক্তিতে স্বাক্ষর করানোর অভিযোগ রয়েছে। ভাষা না জানায় চুক্তির প্রকৃত শর্ত বুঝতে পারেন না অনেকেই। কোনো কোনো চুক্তিতে নিয়োগকারীদের হাতে তাঁদের ব্যাংক হিসাব ও বেতনের অর্থ নিয়ন্ত্রণের ক্ষমতাও দেওয়া হচ্ছে।
কলম্বিয়ার একটি নিয়োগকারী প্রতিষ্ঠান জাগুয়ার কনসালতোরিয়ার নামও উঠে এসেছে প্রতিবেদনে। কলম্বিয়ার সংবাদমাধ্যম নোতিসিয়াস কারাকোলের অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বৈধ নিবন্ধন, স্থায়ী ঠিকানা ও প্রকৃত মালিকের পরিচয় পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশা করছেন সেনেইদা মুনোজ। তবে তাঁর মতো সৌভাগ্য সবার হয়নি। অনেক পরিবার এখনো অপেক্ষা করছে নিখোঁজ স্বজনের একটি ফোনকল, কোনো তালিকায় নাম কিংবা অন্তত মরদেহের সন্ধানের জন্য।

দৈনিক টার্গেট 

























