বুধবার (২৫ নভেম্বর) ওয়াশিংটন পোস্ট জানায়, ২০১৭ সালে জন্ম নেওয়া ফিওনার বয়স হয়েছিল মাত্র ৯ বছর। জন্মের নির্ধারিত সময়ের ছয় সপ্তাহ আগে পৃথিবীতে আসায় তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই কম। কিন্তু চিকিৎসক ও পরিচর্যাকারীদের প্রচেষ্টায় সে শুধু বেঁচেই থাকেনি, হয়ে উঠেছিল বিশ্বজুড়ে পরিচিত এক প্রাণী তারকা। মানুষের কাছে ফিওনা ছিল প্রতিকূলতা জয়, অধ্যবসায় ও আশার প্রতীক।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এক শিশু জলহস্তীর আবাসস্থলের দিকে একটি বোনা টুপি ছুড়ে মারে। অদ্ভুতভাবে টুপিটি ১২ ফুট উঁচু জানালার ওপরের ছোট ফাঁক দিয়ে ভেতরে গিয়ে পড়ে। সেখানে থাকা সিলিং ফ্যানের বাতাসে টুপিটি ছিটকে জলহস্তীদের আবাসস্থলে চলে যায়। পরে ফিওনা টুপিটির কিছু অংশ খেয়ে ফেলে। সেটি তার অন্ত্রে আটকে যাওয়ায় মৃত্যুঝুঁকি তৈরি হয়। কয়েক দিন ধরে চিকিৎসা ও পরিচর্যার চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ১৯ নভেম্বর ফিওনার মৃত্যু হয়।
অনেকে শিশুটির পরিবারকে বিচারের মুখোমুখি করার দাবি জানান। কেউ কেউ শিশুটির পরিচয় প্রকাশ এবং তার মা-বাবার ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এমনকি প্রতিশোধ হিসেবে শিশুটিকে ক্ষতি করার হুমকিও দেখা যায় অনলাইনে।
নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ও অধ্যাপক উইলিয়াম ব্র্যাডি বলেন, কোনো মর্মান্তিক ঘটনা ঘটলে মানুষ সাধারণত তার ব্যাখ্যা খোঁজে। অনেক সময় ঘটনাটিকে সহজভাবে বোঝার জন্য কাউকে অপরাধী ও কাউকে ভুক্তভোগী হিসেবে চিহ্নিত করার প্রবণতা তৈরি হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কেভিন ব্ল্যানি এবিসি নিউজকে জানান, শিশুটিকে দেখে তার বয়স আনুমানিক সাত বছর বলে মনে হয়েছিল। তিনি জানান, ফিওনার অসুস্থতার খবর প্রকাশের আগে ঘটনার ভয়াবহতা বুঝতে পারেননি।
এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ গত সোমবার হিপো কোভ দর্শনার্থীদের জন্য আবার খুলে দিয়েছে। নিরাপত্তার জন্য জানালার ওপরের ফাঁক জাল দিয়ে বন্ধ করা হয়েছে এবং ওই এলাকার সিলিং ফ্যান সরিয়ে ফেলা হয়েছে।
চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিকে বলেন, মানুষ ভিন্ন ভিন্নভাবে শোক প্রকাশ করে। কেউ কেউ রাগান্বিত হয়ে অন্যকে দোষারোপ করেন। তবে ফিওনাকে স্মরণ করার সবচেয়ে ভালো উপায় হলো পরস্পরের প্রতি সদয় হওয়া। তাঁর ভাষায়, ‘মানুষের জীবনে আশা ছড়িয়ে দেওয়া ফিওনার প্রকৃত উত্তরাধিকার বেঁচে থাকুক অন্যের প্রতি আমাদের আচরণের মধ্য দিয়ে।’

দৈনিক টার্গেট 

























