পরিসংখ্যান বেশ চমকপ্রদ। সুদানে নথিভুক্ত পিরামিডের সংখ্যা ২০০টির বেশি। সংখ্যাটি মিসরে থাকা পিরামিডের সংখ্যাকে অনেকটাই ছাড়িয়ে গেছে। মূলত নুবিয়ান অঞ্চলে নীল নদের অববাহিকায় বালু আর পাথরের বিস্তীর্ণ মরুভূমিতে ছড়িয়ে আছে এই পিরামিডগুলো। মিসরে পিরামিড নির্মাণের ধারা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকলেও প্রাচীন সুদানের শাসকেরা কয়েক শতাব্দী ধরে এই ঐতিহ্য বহন করে চলেছিলেন। ফলে মরুভূমির বুকে সারি সারি এবং কখনো কখনো একে অপরের খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকা পিরামিডগুলো এক পরাবাস্তব ও শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্ম দেয়।
এই অনন্য স্থাপত্যগুলোর পেছনে রয়েছে প্রাচীন কুশ সভ্যতা। এটি ছিল প্রাচীন মিসরের উত্তরসূরি এবং একই সঙ্গে অংশীদার। ইতিহাসের একপর্যায়ে কুশাইট শাসকেরা মিসরও শাসন করেছিলেন এবং সেখানে ২৫তম রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। মেরোয়ে, নুরি এবং এল-কুরু নামের প্রত্নতাত্ত্বিক স্থানগুলো কুশ সভ্যতার শক্তি ও সমৃদ্ধির প্রমাণ দেয়। বিশেষ করে খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দী থেকে খ্রিষ্টীয় প্রথম কয়েক শতাব্দী পর্যন্ত মেরোয়ে ছিল এই সভ্যতার রাজধানী এবং প্রধান রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র। মূলধারার ইতিহাসে দীর্ঘকাল উপেক্ষিত থাকলেও সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক খননে কুশ সভ্যতার সমাজব্যবস্থা, বিশ্বাস এবং সমসাময়িক অন্যান্য শক্তির সঙ্গে তাদের আদান-প্রদানের নানা অজানা দিক সামনে আসছে।
প্রথম দেখায় সুদানের পিরামিডগুলোকে মিসরের পিরামিডের চেয়ে বেশ আলাদা মনে হয়। এগুলো আকারে তুলনামূলক ছোট, তবে গড়নে অনেক বেশি সরু এবং এগুলোর ঢাল বেশ খাড়া। এই স্বতন্ত্র ও সরু অবয়ব পিরামিডগুলোকে এক আলাদা আভিজাত্য দিয়েছে। এগুলো সাধারণত দলবদ্ধভাবে অবস্থান করে এবং বিশাল সব সমাধিক্ষেত্র তৈরি করেছে। প্রতিটি পিরামিডের সামনে একটি করে ছোট প্রার্থনাকক্ষ বা চ্যাপেল থাকত, যেখানে অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হতো। পুরো স্থাপনাটি এমনভাবে পরিকল্পিত ছিল, যা মৃতদের সম্মান জানানোর পাশাপাশি মরুভূমির বুকে তাঁদের স্মৃতি অমর করে রাখে।
মিসরে পিরামিড নির্মাণের সূচনা হয়েছিল প্রায় ৪,৫০০ বছর আগে। সূচনা হয়েছিল ওল্ড কিংডম আমলের ফারাওদের হাত ধরে। খুফু, খাফরে এবং মেনকাউরের মতো শাসকদের চিরস্থায়ী সমাধি হিসেবে তৈরি হয়েছিল গিজার বিখ্যাত পিরামিডগুলো। সুদানের মেরোয়ে এবং নুরির পিরামিডগুলো নির্মিত হয়েছিল এর প্রায় এক হাজার বছর পর। শক্তিশালী কুশ সাম্রাজ্যের নুবিয়ান ফারাওরা একসময় কুশ এবং মিসর উভয় অঞ্চলই শাসন করেছিলেন। তাঁরাই এই স্থাপনাগুলো গড়ে তোলেন। আবার মিসরের পিরামিডগুলো আকারে বিশাল, প্রশস্ত ভিত্তি এবং মসৃণ ঢালবিশিষ্ট। সাকারার ধাপযুক্ত পিরামিড থেকে শুরু করে গিজার মহাপিরামিড সবই প্রকৌশলবিদ্যার চূড়ান্ত নিদর্শন। অন্যদিকে সুদানের পিরামিডগুলো আকারে ছোট, সরু ভিত্তি এবং অনেক বেশি খাড়া ঢালের। মেরোয়ের পিরামিডগুলোর উচ্চতা সাধারণত ৬ থেকে ৩০ মিটার হয়ে থাকে। মরুভূমির বুকে দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই সুচালো পিরামিডগুলো এক অনন্য দৃশ্য তৈরি করে।
স্থাপত্যের এই ভিন্নতা কেবল মিসরীয় রীতির অনুকরণ ছিল না, বরং তা ছিল একটি প্রচলিত ঐতিহ্যের নিজস্ব পুনর্নির্মাণ। কুশাইট শাসকেরা পিরামিডের ধারণা গ্রহণ করলেও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের ছাপ রেখে স্বতন্ত্র স্থাপত্যশৈলী গড়ে তুলেছিলেন। আজও সুদানের এই পিরামিড অঞ্চলগুলো গণপর্যটনের ভিড় থেকে অনেকটাই দূরে। দুর্গম অবস্থান এই জায়গাগুলোর নিস্তব্ধ ও রহস্যময় পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে, যা প্রাচীন আফ্রিকার ইতিহাসের এক কম পরিচিত অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন করে চিনিয়ে দেয়।
সূত্র: ইএন ভলস, ইজিপ্ট ফর ট্যুর

দৈনিক টার্গেট 


























