বাংলাদেশের বাস্তবতায় হুমকি সংস্কৃতির সবচেয়ে পরিচিত রূপ দেখা যায় ব্যক্তিগত ও পারিবারিক বিরোধে। জমিজমা নিয়ে বিবাদ, অর্থ লেনদেন, পারিবারিক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা, দাম্পত্য কলহ কিংবা প্রেমের সম্পর্কের টানাপোড়েন—এসব বিরোধ কখনো কখনো ভয় দেখানো, ব্ল্যাকমেল, শারীরিক নির্যাতন এমনকি প্রাণনাশের হুমকিতে গড়ায়। সব বিরোধের পরিণতি অবশ্য সহিংসতা নয়। কিন্তু যখন যুক্তি, আলোচনা ও আইনি সমাধানের বদলে ভয় দেখানোকে বিরোধ মেটানোর উপায় হিসেবে গ্রহণ করা হয়, তখন পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। দীর্ঘদিনের অপমান, মানসিক নির্যাতন ও হুমকি মানুষের মধ্যে ক্ষোভ জমাতে পারে। সেই ক্ষোভের বিস্ফোরণ কখনো ভয়াবহ পরিণতি ডেকে আনে।
শিক্ষাপ্রতিষ্ঠানেও এই সংস্কৃতির উপস্থিতি গভীর উদ্বেগের বিষয়। শিক্ষাঙ্গন হওয়ার কথা মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও ব্যক্তিত্ব বিকাশের জায়গা। অথচ কোথাও কোথাও র্যাগিং, গেস্টরুমে নির্যাতন, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা কিংবা ভিন্নমত প্রকাশের কারণে ভয় দেখানোর অভিযোগ ওঠে। নতুন শিক্ষার্থীকে অপমান করা, শারীরিক বা মানসিকভাবে হেনস্তা করা কিংবা ক্ষমতার দাপট দেখিয়ে তাঁকে অনুগত থাকতে বাধ্য করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। এগুলো বরং শিক্ষার পরিবেশকে বিষিয়ে তোলে। যে তরুণেরা ভবিষ্যতে নেতৃত্ব দেবেন, তাঁদের কেউ কেউ যদি ভয় দেখিয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার শিক্ষা পান, তবে সমাজে সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণের বিকাশ কীভাবে ঘটবে?
কর্মক্ষেত্রেও ক্ষমতার অপব্যবহার হুমকি সংস্কৃতিকে টিকিয়ে রাখে। পদোন্নতি আটকে দেওয়া, চাকরি থেকে বাদ দেওয়ার ভয় দেখানো, বেতন বা সুযোগ-সুবিধা নিয়ে চাপ সৃষ্টি করা কিংবা নারী সহকর্মীদের ব্ল্যাকমেল করার মতো আচরণ কর্মপরিবেশকে অনিরাপদ করে তোলে। বিশেষ করে যাঁদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ কম, তাঁরা অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না। চাকরি হারানোর ভয় তাঁদের নীরব থাকতে বাধ্য করে। ফলে প্রতিষ্ঠানের ভেতরে অন্যায় আচরণ চলতে থাকে, আর ভুক্তভোগীরা একা হয়ে পড়েন।
প্রশ্ন হচ্ছে, হুমকি দিয়ে মানুষ কী অর্জন করতে চায়? সাধারণত এর পেছনে থাকে অন্যকে নিয়ন্ত্রণ করার আকাঙ্ক্ষা, নিজের স্বার্থ রক্ষা, প্রতিশোধস্পৃহা কিংবা ক্ষমতা প্রদর্শনের মানসিকতা। কেউ মনে করেন, ভয় দেখাতে পারলে প্রতিপক্ষকে সহজেই দমিয়ে রাখা যাবে। কেউ আবার নিজের দুর্বলতা বা অনিশ্চয়তা আড়াল করতে আগ্রাসী আচরণ করেন। কিন্তু হুমকি দিয়ে সাময়িকভাবে কাউকে চুপ করানো গেলেও সমস্যার সমাধান হয় না। বরং বিরোধ আরও গভীর হয়, পারস্পরিক অবিশ্বাস বাড়ে এবং একসময় সহিংসতার আশঙ্কা তৈরি হয়।
সবচেয়ে বড় বিপদ হলো, সমাজ যখন হুমকিকে স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করে। কেউ প্রতিবাদ না করলে, অপরাধী শাস্তি না পেলে কিংবা প্রভাবশালীর পরিচয়ে অন্যায় চাপা পড়ে গেলে মানুষের মনে ধারণা জন্মায়—আইন মেনে নয়, ভয় দেখিয়েই কাজ আদায় করতে হয়। এই ধারণা আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিকে দুর্বল করে। মানুষ তখন ন্যায়বিচারের ওপর আস্থা হারায়, নিজের নিরাপত্তার জন্য প্রভাবশালী কাউকে খোঁজে কিংবা পাল্টা শক্তি প্রদর্শনের পথে হাঁটে। এভাবে ভয় ও প্রতিশোধের একটি দুষ্টচক্র তৈরি হয়।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে প্রথমেই আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। হুমকি প্রদানকারী ব্যক্তি রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিকভাবে যত প্রভাবশালীই হোন না কেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ভুক্তভোগীদের অভিযোগ জানানোর নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, কর্মক্ষেত্রে হয়রানি প্রতিরোধের নীতিমালা এবং অনলাইন হুমকি মোকাবিলায় দ্রুত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জরুরি। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবস্থাও গড়ে তুলতে হবে।
তবে আইন প্রয়োগই একমাত্র সমাধান নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে শিশু-কিশোরদের শেখাতে হবে—মতভেদ মানেই শত্রুতা নয়, আর ক্ষমতা মানেই অন্যকে নিয়ন্ত্রণ করার অধিকার নয়। অন্যের ব্যক্তিস্বাধীনতা, মর্যাদা ও মতামতের প্রতি শ্রদ্ধা দেখানোর শিক্ষা ছোটবেলা থেকেই দিতে হবে। বিরোধ হলে হুমকি বা প্রতিশোধের বদলে আলোচনা, যুক্তি ও আইনি পথ বেছে নেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে হুমকি ও সহিংসতাকে কেবল বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে এর সামাজিক কারণ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো তুলে ধরা।
একটি সমাজ কতটা উন্নত, তা শুধু তার সড়ক, সেতু, ভবন কিংবা প্রযুক্তির অগ্রগতি দিয়ে বোঝা যায় না। মানুষ সেখানে কতটা নিরাপদে কথা বলতে পারে, নিজের মত প্রকাশ করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে এবং ভয় ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করতে পারে—সেটিও উন্নয়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি। যে সমাজে মানুষকে প্রতিদিন নিজের নিরাপত্তার হিসাব কষে চলতে হয়, সেখানে উন্নয়নের অনেক অর্জনই অসম্পূর্ণ থেকে যায়।
হুমকি দিয়ে হয়তো সাময়িক আনুগত্য আদায় করা যায়, কিন্তু সম্মান, বিশ্বাস কিংবা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ভয়ের ওপর দাঁড়ানো সম্পর্ক কখনো সুস্থ সমাজ গড়ে তুলতে পারে না। তাই ‘হুমকি সংস্কৃতি’র বিরুদ্ধে লড়াই কেবল অপরাধ দমন বা আইনশৃঙ্খলার প্রশ্ন নয়; এটি মানুষের মর্যাদা, স্বাধীনতা ও নিরাপদে বেঁচে থাকার অধিকারের প্রশ্ন। আমাদের এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মানুষ শক্তিশালীর ভয়ে নয়, আইনের প্রতি আস্থায় চলবে; যেখানে মতভেদ থাকবে, কিন্তু ভিন্নমত প্রকাশের জন্য কাউকে হুমকি শুনতে হবে না। ভয় নয়, পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায়বিচারই হোক আমাদের সামাজিক জীবনের ভিত্তি।

দৈনিক টার্গেট 




















