প্রাক্তন সহকর্মীর এ অবস্থা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঝাং জি। তাঁকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন তিনি। বোঝালেন, তাঁর বাসা ছিল নিচতলায়, প্রশস্ত এবং শীতাতপ নিয়ন্ত্রিত। অসুস্থ মানুষের দেখাশোনার জন্য সেটি অনেক বেশি উপযোগী।
কিন্তু সামাজিক বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কায় রাজি হলেন না হংকুয়ান। তাঁর আশঙ্কা ছিল, এ নিয়ে মানুষ নানা কথা বলবে, তাতে ঝাং জির সুনাম ক্ষুণ্ন হবে। কিন্তু ঝাং জি বারবার তাঁকে বোঝানোর চেষ্টা করলেন। তিন মাস ভাবনাচিন্তার পর শেষ পর্যন্ত রাজি হন হংকুয়ান। ২০১২ সালের গ্রীষ্মে তিয়ানছিয়াও এলাকা থেকে তাঁকে নিজের হুয়াইন এলাকার বাসায় নিয়ে আসেন ঝাং জি। তাঁরা থাকতেন মুখোমুখি দুটি ঘরে।
সেখানে গিয়ে দেখলেন, হংকুয়ানের স্ত্রী মারা গেছেন এবং তাঁর দুই সন্তান থাকেন দূরের শহরে। হংকুয়ানের বাসাটি ছিল পাঁচতলায়। সেখানে লিফট বা হিটিংয়ের ব্যবস্থা ছিল না। ৩০ বর্গমিটারের কিছু বেশি আয়তনের প্রায় জরাজীর্ণ বাড়িটিতে একাই থাকতেন হংকুয়ান। সেখানে শীত দূর করতে ব্যবহার করতে হতো কয়লার চুলা। মলাশয়ের ক্যানসারের কারণে হংকুয়ানের বাঁ পা ফুলে কালচে হয়ে গিয়েছিল। অল্প সময় দাঁড়িয়ে থাকলেও তীব্র ব্যথা হতো। ঝাং জি দেখলেন, বিষণ্ন মুখে খুঁড়িয়ে খুঁড়িয়ে চুলায় কয়লা যোগ করছেন হংকুয়ান। তাঁর চেহারায় মৃত্যুর অপেক্ষায় থাকার ছাপ। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হংকুয়ানের আয়ু আর মাত্র আড়াই বছর।
ঝাং জি স্পষ্ট করে জানান, তাঁদের সম্পর্ক নিছক বন্ধুত্বের। এর মধ্যে কোনো রোমান্টিক অনুভূতি নেই, আবার বিয়েরও কোনো পরিকল্পনা নেই। প্রথম দিকে অল্প দূরত্ব হাঁটতেই চারবার বিশ্রাম নিতে হতো হংকুয়ানকে। প্রতিদিন তাঁকে আকুপাংচার করানোর জন্য বাড়ির কাছের একটি ক্লিনিকে নিয়ে যেতেন ঝাং জি।
২০১৪ সালের বসন্তে হংকুয়ানের দুটি অস্ত্রোপচার হয়। হাসপাতাল থেকে ফেরার পর তিনি এতটাই দুর্বল ছিলেন যে বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকতে পারতেন না। নিজেকে ঝাং জির জন্য বোঝা মনে করে বারবার চিকিৎসা বন্ধ করে দিতে চাইতেন। কিন্তু ঝাং জি তাঁকে সাহস জোগাতেন। হাত ধরে হাঁটতে সাহায্য করতেন, আবার ধীরে ধীরে পেছনে সরে গিয়ে তাঁকে নিজে নিজে হাঁটার অনুশীলন করাতেন। হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রতিদিন ওষুধ খাওয়ার কথাও মনে করিয়ে দিতেন। এভাবে তিন বছর অনুশীলনের পর তাঁর পায়ের শক্তি ফিরে আসে। একসময় তিনি নিজেই বাইরে যাতায়াত করতে সক্ষম হন।
২০১৭ সালে আবারও তাঁর গোড়ালিতে আঘাত লাগে। সেখানকার চামড়া উঠে গিয়ে ভেতরের লাল মাংস বেরিয়ে পড়ে। প্রতিদিন ক্ষতস্থান পরিষ্কার করতে হতো ঝাং জিকে। চার বছর ধরে সেবা করার পর সেখানে নতুন চামড়া গজায়। অবশেষে ২০২৩ সালে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়।
একসঙ্গে কাটানো ১৪ বছরে ঝাং জি কখনো হংকুয়ানের কাছ থেকে বাড়িভাড়া নেননি। হাঁটাচলা করতে অসুবিধা হলে নিয়মিত ব্যাংক থেকে দুজনের পেনশন তুলে আনতেন তিনি। এরপর প্রত্যেকের টাকা তাঁদের নিজ নিজ নামে আলাদা সঞ্চয়ী হিসাবে জমা রাখতেন। একবার ব্যাংকের এক কর্মী তাঁকে জিজ্ঞেস করেছিলেন, টাকা দুটি নিজের হিসাবে একসঙ্গে জমা রাখছেন না কেন? জবাবে ঝাং জি বলেছিলেন, ওই টাকা অন্য একজনের। সেটি নিজের কাছে রেখে দেওয়ার অধিকার তাঁর নেই।
ঝাং জির বাড়িতে আসার সময় হংকুয়ানের ব্যাংক হিসাবে ছিল মাত্র দেড় হাজার ডলারের কিছু বেশি পরিমাণ অর্থ। ২০১৪ সালে অস্ত্রোপচারের খরচ জোগাতে না পেরে তিনি সমস্যায় পড়েন। তখন ঝাং জি তাঁকে প্রায় ৫ হাজার ৪০০ ডলার ধার দেন। ২০২০ সালে হংকুয়ানের ছেলে অসুস্থ হয়ে মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তাঁর চিকিৎসার পেছনে প্রায় ২ হাজার ২৫০ ডলার খরচ করেন ঝাং জি। হংকুয়ানের পোশাকের অবস্থাও ভালো ছিল না। তাই প্রায়
৩০০ ডলার খরচ করে তাঁকে পোশাক কিনে দেন।
এখন হংকুয়ানের ব্যাংক হিসাবে কিছু অর্থ জমেছে। গত বছর নাতনির বিয়েতে তিনি প্রায় ৭ হাজার ৫০০ ডলার উপহার দেন। এর সঙ্গে ঝাং জি আরও ১ হাজার ৫০০ ডলার যোগ করেন। তাঁদের সংসারের খরচও মাসে মাসে ভাগ করে দেওয়া হয়। ঝাং জি বলেন, তাঁর একমাত্র চাওয়া, সাবেক সহকর্মী যেন জীবনের কঠিন সময়গুলো পার করে উঠতে পারেন।
ঝাং জির ভাষায়, ‘আমি যদি একটি ডলারও বেশি নিতাম, তাহলে কারও কাছে তার ব্যাখ্যা দিতে পারতাম না। শান্তিতে ঘুমাতেও পারতাম না।’
এই সিদ্ধান্তের কারণে সামাজিক নানা কথা শুনতে হয়েছে তাঁকে। পাশাপাশি প্রতিদিনের সেবাযত্নের দায়িত্বও সামলাতে হয়েছে। একবার এক প্রতিবেশী সমালোচনা করে বলেছিলেন, স্বামী মারা যাওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে একজন অসুস্থ পুরুষকে বাড়িতে নিয়ে আসা ঠিক হয়নি। ঝাং জি কোনো তর্কে যাননি। তাঁর বিশ্বাস, তিনি কোনো ভুল কাজ করেননি।
২০১৯ সালে ঝাং জির ছেলের লিউকেমিয়া ধরা পড়ে। আট মাস হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাঁকে। ছেলে হাসপাতাল থেকে ফেরার পর অনেকেই ঝাং জিকে পরামর্শ দেন, এখন তাঁর উচিত ছেলের দিকে মনোযোগ দেওয়া। তাঁরা হংকুয়ানকে অন্য কোথাও চলে যাওয়ার কথাও বলেন। কিন্তু ঝাং জি তাঁকে বাড়িতে থাকতে দেন।
হংকুয়ান একসময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তাঁর ৫৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। ঝাং জির সাবেক কর্মস্থলে তিনি একটি দপ্তরের প্রধানও ছিলেন। নিজের নানা শারীরিক সমস্যার মধ্যেও সাবেক সহকর্মীদের সাহায্য করতে বারবার দূরদূরান্তে গিয়েছেন তিনি। তাঁদের সামরিক বাহিনীতে যোগদানের নথি সংগ্রহে সহায়তা করেছেন, যাতে তাঁরা অবসরকালীন সুযোগ-সুবিধা পেতে পারেন।
করোনাভাইরাস মহামারির সময় পায়ে ব্যথা থাকা সত্ত্বেও হংকুয়ান জীবাণুনাশক কিনে নিজের আবাসিক ভবনের মেঝেতে ছিটিয়ে দিতেন। প্রতিবেশীদের সুরক্ষার কথা ভেবেই করতেন এসব কাজ।
শুরুতে গুরুতর অসুস্থ একজন মানুষকে বাড়িতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ঝাং জির পরিবারের সদস্যরাও সমর্থন দেননি। এখন তাঁর ছেলে সপ্তাহে এক দিন তাঁদের দেখতে আসেন। দুজনের প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন। অন্যদিকে হংকুয়ানের মেয়ে প্রতি সোমবার বাবার জন্য রান্না করতে ও বাজার করতে আসেন। ঝাং জিকে তিনি অনুসরণ করার মতো একজন আদর্শ মানুষ বলে মনে করেন।
ঝাং জির বাবা সব সময় সন্তানদের নৈতিক ও সৎ জীবনযাপনের শিক্ষা দিতেন। তাঁর ছয় সন্তানের প্রত্যেকের নামের মধ্যে তিনি ‘কথা’ অর্থবোধক একটি চীনা অক্ষর রেখেছিলেন। এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন, সন্তানেরা যেন নিজেদের কথা রাখে এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করে।
গত ১৪ বছর ধরে প্রাক্তন সহকর্মীর প্রতি দেওয়া প্রতিশ্রুতি ঠিকই রক্ষা করে চলেছেন ঝাং জি। তিনি বলেন, ‘প্রতিদিন সে বেঁচে ছিল, আমার মনে হয়েছে—আমি যা করছি, তার একটা অর্থ আছে।’

দৈনিক টার্গেট 



























