গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপির নেতা মো. কামাল সরদার মুলাদী-মীরগঞ্জ সড়কের বাদামতলা এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন। গতকাল রাতে কে বা কারা কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
কামাল সরদার বলেন, আতঙ্ক সৃষ্টি করতেই রাতের আঁধারে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা আনিচ ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকা দিয়ে একটি মোটরসাইকেল যেতে দেখেছেন তিনি। এর কিছু সময় পরই বিস্ফোরণের শব্দ শুনতে পান।
আজ রোববার সকাল ১০টার দিকে মুলাদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা পড়ে থাকা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 




















