বাংলাদেশ পুলিশের ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সাতজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন রয়েছেন।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র্যাবে এবং পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপারদের মধ্যে র্যাবের মো. মাহফুজুর রহমানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলে, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে এবং এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে পদায়ন করা হয়েছে।
একই আদেশে মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে পাঠানো হয়েছে। ওই সার্কেলে দায়িত্ব পালন করা সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে বদলি করা হয়েছে।
অন্যদিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরে দুই কর্মকর্তা
অন্য একটি প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে বদলি করা হয়েছে। একইভাবে পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকেও পুলিশ সদর দপ্তরে টিআর পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে সংযুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলো জারির মধ্য দিয়ে এসব কর্মকর্তার নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের বিষয়টি কার্যকর করা হয়েছে।
দৈনিক টার্গেট 





















