নীলফামারীতে মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার

রাজনীতি

নীলফামারীর সৈয়দপুরে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাজী জাহানারাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সৈয়দপুর থানা প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত একটি বিরোধ মীমাংসার জন্য আয়োজিত সালিশ বৈঠকে অংশ নিতে থানায় যান কাজী জাহানারা। বৈঠকে বিভিন্ন পক্ষের লোকজনের পাশাপাশি মহিলা দলের কয়েকজন নেত্রীও উপস্থিত ছিলেন। আলোচনা চলাকালে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে জাহানারা ও মহিলা দলের নেত্রীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শেষে থানা এলাকা থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে আটক করে। আটক হওয়ার পর থানার সামনে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিতে থাকেন। এতে সাময়িকভাবে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পুলিশ জানায়, নীলফামারী সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, পূর্বের একটি মামলার ভিত্তিতেই কাজী জাহানারাকে গ্রেফতার করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।