যশোরে উলশী খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ এপ্রিল) বেলা ১২টার দিকে তিনি সরাসরি উপস্থিত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৫০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে যাত্রা করেন। প্রায় ২৫ মিনিট পর, সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে।
সফরসূচি অনুযায়ী, উলশী খাল খনন প্রকল্পের উদ্বোধনের পর সেখানে আয়োজিত পথসভা ও সুধী সমাবেশে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। স্থানীয় উন্নয়ন ও জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে সেখানে বক্তব্য রাখার সম্ভাবনাও রয়েছে।
এরপর শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন তিনি। বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি জনসভায়ও বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। রাতে তিনি ঢাকায় ফিরে পৌঁছাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার যশোরে প্রথম সফর। একই সঙ্গে গত তিন মাসের মধ্যে এটি তার দ্বিতীয় যশোর সফর।
