অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেতে পারে। এই জোটে রয়েছে ইয়াশার, জোট টুগেদার, ইসরায়েল বেইতেনু এবং ডেমোক্র্যাটস।
দেশটির নির্বাচন কমিশনের হিসাবে, আইজেনকটের ইয়াশার ২১টি আসন পেতে যাচ্ছে। নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন জোট টুগেদার পেতে পারে ১২টি আসন। ইয়াইর গোলানের ডেমোক্র্যাটস আটটি এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু সাতটি আসন পেতে পারে।
এদিকে আরব দলগুলোর আসনসংখ্যা বেড়ে ১৯-এ দাঁড়িয়েছে। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি এবং রা’আম সাতটি আসন পেতে পারে। যদি এমনটা হয়, তবে দেশটির প্রধান দুই জোটের মধ্যে কারা সরকার গঠন করবে, তা নির্ধারণে আরব দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আইজেনকট বিরোধী জোটের সবচেয়ে বড় দলের নেতাকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী করার আহ্বান জানিয়েছেন। তবে এ বিষয়ে জোটের মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি।
শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা নতুন নির্বাচনের দিকে নিয়ে যেতে পারে। তবে তার আগে জোট গঠনের আলোচনার মাধ্যমে দলগুলোর সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।
আরব দলকে সঙ্গে নিয়ে সরকার গঠনের আহ্বান
এদিকে ডেমোক্র্যাটসের চেয়ারম্যান ইয়াইর গোলান বলেছেন, ২০২৬ সালের নেসেট নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট হেরে গেছে। আরব দলগুলোকে বিরোধী জোটের সঙ্গে ধরলে তাদের আসনসংখ্যা ৬৫-তে দাঁড়ায় বলে দাবি করেন তিনি।
বুধবার সকালে তিনি বলেন, ‘নেতানিয়াহু হেরেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৬৫ হলো ৫৫-এর চেয়ে বেশি। ইসরায়েলি গণতন্ত্র এভাবেই কাজ করে।’
গোলান আসন্ন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, নেতানিয়াহু যদি জায়োনিস্ট জোট গঠনের কথা বিবেচনা করেন, তাহলে তাঁর নিজের জোট থেকে নন-জায়োনিস্ট হেরেদি দলগুলোর ১৬ জন সংসদ সদস্যকে বাদ দিতে হবে। তিনি আরও বলেন, ‘আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। আমাদের দায়িত্ব আছে। আর ইসরায়েলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিবর্তনের সরকার গঠনের সুযোগও আছে। এমন একটি সরকার, যা সব ইসরায়েলি নাগরিকের জন্য কাজ করবে।’
পরে আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়েন্ট লিস্টের সংসদীয় দলের চেয়ারম্যান ও হাদাশ-তা’আল নেতা আহমাদ তিবিও বিরোধীদের সঙ্গে কাজ করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন। তিনি বলেন, বিরোধী জোট সাহস দেখালে সরকার গঠন করতে পারবে। আরব দলগুলো সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

দৈনিক টার্গেট 

























