নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর বাসভবনে হামলা, যুবক আটক

বিশ্বজুড়েভারত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর বাসভবনে প্রবেশ করে এক যুবকের হামলার অভিযোগ উঠেছে। বুধবার সকালে সাপ্তাহিক জনশুনানি চলাকালে হঠাৎ করেই এ ঘটনা ঘটে। এসময় মুখ্যমন্ত্রী আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জনশুনানিতে হাজির হয়ে এক যুবক প্রথমে কাগজ জমা দেওয়ার অজুহাত দেখান। কিছুক্ষণের মধ্যেই তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহার শুরু করেন। পরিস্থিতি আরো উত্তপ্ত হলে ওই যুবক হঠাৎ করে রেখা গুপ্তর চুল ধরে টান দেন এবং চড় মারেন। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ন্ত্রণে নিয়ে পুলিশে হস্তান্তর করে।

পরে দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে কিছু সূত্র জানিয়েছে, হামলাকারী শুধু শারীরিক আক্রমণই নয়, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথরও ছোড়ে। বিজেপির দাবি, এ ঘটনায় রেখা গুপ্তর মাথায় গুরুতর আঘাত লেগেছে।

দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “জনশুনানির মতো শান্তিপূর্ণ পরিবেশে এমন সহিংসতা অগ্রহণযোগ্য। একজন যুবক কাগজ দেখানোর নাম করে এগিয়ে এসে হঠাৎ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে একটি টেবিলেও ধাক্কা লাগে।”

শুধু বিজেপিই নয়, কংগ্রেস ও আম আদমি পার্টিও ঘটনাটির নিন্দা জানিয়েছে। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা বলেন, “গণতন্ত্রে মতবিরোধ প্রকাশের জায়গা আছে, কিন্তু রাজনৈতিক মতপার্থক্যের নামে সহিংসতা মেনে নেওয়া যায় না। আমরা চাই, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

বর্তমানে পুলিশ হামলার উদ্দেশ্য এবং যুবকের পরিচয় যাচাইয়ে তদন্ত চালাচ্ছে। পুরো ঘটনায় দিল্লির রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।