বিকাশ প্রতারণা, ভুয়া চাকরির বিজ্ঞাপন, পুরস্কারের ফাঁদ, ফিশিং লিংক-দেশের কোথায় কোন ধরনের ডিজিটাল প্রতারণা বেশি হচ্ছে, তার চিত্র তুলে ধরতে নতুন একটি প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়ে আসছে টার্গেট আইটি।
ডিজিটাল লেনদেন ও অনলাইননির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনাও সামনে আসছে। ভুয়া চাকরির বিজ্ঞাপন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নামে প্রতারণা, ফিশিং লিংক, ভুয়া অফার ও পুরস্কারের প্রলোভনসহ নানা কৌশলে সাধারণ মানুষকে লক্ষ্য করছে প্রতারকরা। সরকারি ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্ল্যাটফর্মগুলোও ফিশিং ও অনলাইন প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে সতর্ক করে আসছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি দেশে ডিজিটাল প্রতারণার ধরন ও বিস্তারের একটি চিত্র তুলে ধরতে “বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র” তৈরির উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান টার্গেট আইটি।
প্রস্তাবিত এই প্ল্যাটফর্মে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের ডিজিটাল প্রতারণার ঘটনা রিপোর্ট করতে পারবেন। যেমন-কোনো ফোন নম্বর ব্যবহার করে প্রতারণা, ভুয়া চাকরির বিজ্ঞাপন, সন্দেহজনক ওয়েবসাইট বা ফিশিং লিংক, ভুয়া পুরস্কারের অফার কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ।
তবে ব্যবহারকারীর দেওয়া প্রতিটি অভিযোগ সরাসরি মানচিত্রে প্রকাশ করা হবে না। টার্গেট আইটি-এর নির্ধারিত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ ও প্রমাণ পর্যালোচনা করার পর তা রিপোর্টেড, যাচাইাধীন বা প্রমাণ-সমর্থিত হিসেবে শ্রেণিবদ্ধ করার পরিকল্পনা রয়েছে।
মানচিত্রে অঞ্চলভিত্তিকভাবে দেখানো হবে কোন এলাকায় কোন ধরনের প্রতারণার অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রতারণার ধরন অনুযায়ী আলাদা তথ্যও প্রদর্শন করা হবে। এর ফলে নাগরিকরা নিজেদের এলাকার প্রচলিত প্রতারণার ধরন সম্পর্কে সতর্ক হতে পারবেন।
টার্গেট আইটি-এর পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে একই নম্বর, লিংক বা প্রতারণার কৌশল নিয়ে একাধিক অভিযোগ পাওয়া গেলে সেগুলো বিশ্লেষণ করে সম্ভাব্য Fraud Pattern চিহ্নিত করা হবে। ফলে এটি শুধু অভিযোগের তালিকা নয়, বরং সময়ের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল প্রতারণার পরিবর্তনশীল চিত্র তুলে ধরার একটি তথ্যভিত্তিক প্ল্যাটফর্মে পরিণত হতে পারে।
সম্প্রতি বাংলাদেশে ভুয়া চাকরি, অনলাইন টাস্ক, ফিশিং লিংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাকে ব্যবহার করে প্রতারণার বিভিন্ন ঘটনা নিয়ে সতর্কতা ও প্রতিবেদন প্রকাশ হয়েছে।
টার্গেট আইটি জানিয়েছে, “বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র” প্রকল্পটির চূড়ান্ত প্রস্তুতি চলছে। প্ল্যাটফর্মটি চালু হলে সাধারণ মানুষ একদিকে যেমন প্রতারণার ঘটনা জানাতে পারবেন, অন্যদিকে অন্যদের সতর্ক করতেও ভূমিকা রাখতে পারবেন।
উদ্যোগটির মূল লক্ষ্য হলো প্রতারণার শিকার হওয়ার পর শুধু অভিযোগ করা নয়, বরং তথ্য ও প্রযুক্তির মাধ্যমে প্রতারণার প্রবণতা চিহ্নিত করে আগেই মানুষকে সতর্ক করা।
তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগকে অপরাধের চূড়ান্ত প্রমাণ হিসেবে উপস্থাপন না করে যাচাই-নির্ভর তথ্য প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় অভিযোগ করার সুযোগ রাখাই এই ধরনের প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্যতার জন্য গুরুত্বপূর্ণ।
দৈনিক টার্গেট 

























