অমিতের অভিযোগ ২০১৭ সালের এক ঘটনা নিয়ে। তখন কোহলি ছিলেন ভারতের তিন সংস্করণেরই অধিনায়ক। বেঙ্গালুরুতে সেবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর অমিত জাতীয় দলে ফেরার আশায় ছিলেন। কিন্তু তৎকালীন কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক কোহলি—দুজনই দলে ফেরার আশ্বাস দিলেও অমিতের সেই আশা পূরণ হয়নি।
আকাশ চোপড়ার সঙ্গে অমিত ‘বাইথ অ্যান্ড বোল’ পডকাস্টের প্রথম পর্বে ৯ বছরের পুরোনো ঘটনা সামনে এনেছেন। পডকাস্টটি আজ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেন আকাশ। অমিত বলেন, ‘‘সেই সময় বেঙ্গালুরুতে আমার পায়ে চোট লেগেছিল। চোট পাওয়ার পর যখন আমি মাঠ ছাড়ছিলাম, তখন কোচ অনিল কুম্বলেকে বলেছিলাম, ‘অনিল ভাই…।’ তিনি বলেছিলেন, ‘চিন্তা কোরো না। তুমি সুস্থ হয়ে উঠলেই আপনাআপনি দলে ফিরবে।’’
দলে ফিরতে হলে কী করতে হতো, সে ব্যাপারেও ২০১৭ সালে কোহলির কাছে অমিত পরামর্শ চেয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের সঙ্গে পডকাস্টে অমিত বলেন, ‘‘বিরাট কোহলি ছিল অধিনায়ক। আমিও কোহলিকে জিজ্ঞাসা করেছিলাম, ‘ভাই, আমাকে কী করতে হবে?’ সে বলেছিল, ‘চিন্তা কোরো না। পুরোপুরি সুস্থ হয়ে ওঠো। স্বস্তি অনুভব করলেই তুমি দলে থাকবে।’’
৯ বছর পর কোহলির বিরুদ্ধে পডকাস্টে ক্ষোভ উগড়ে দিলেন অমিত। আকাশ চোপড়ার সঙ্গে পডকাস্টে ভারতের সাবেক লেগস্পিনার বলেন, ‘‘আমি তার (কোহলি) কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ‘ভাই, কী অবস্থা?’ কোহলি বলেছিল, ‘আমি এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে তোমাকে জানাব।’ কিন্তু ভাই, এক সপ্তাহ গেল, দুই সপ্তাহ গেল, তিন সপ্তাহও পেরিয়ে গেল—তাঁর কাছ থেকে কোনো খবরই পাওয়া গেল না। আমি তাকে ফোন করেছিলাম। কিন্তু সে ফোন ধরেনি। মেসেজ দিয়েও কোনো উত্তর পাইনি।’
২০০৩ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের জার্সিতে ২২ টেস্ট, ৩৬ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছেন অমিত। ৬৮ ম্যাচে নিয়েছেন ১৫৬ উইকেট। এদিকে কোহলি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। গত বছর টেস্ট থেকেও অবসর নিয়েছেন। বর্তমানে শুধু ওয়ানডেই খেলছেন। চলমান নিউজিল্যান্ড সফরে ভারত টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি খেললেও কোহলিকে কেবল এক সংস্করণে দেখা যাবে।

দৈনিক টার্গেট 


























